
পাবনার ঈশ্বরদীতে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মুফতি নজরুল ইসলাম (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি নজরুল ইসলাম রহিমপুর গ্রামের মরহুম আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই মাস আগে তিনি স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টায় নিজ এলাকা সাহাপুর ইউনিয়নের রহিমপুর গোরস্থানে লাশ দাফন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছিলেন নজরুল ইসলাম। এরই অংশ হিসেবে শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশাদুর রহমান জানান, গাছ কাটার সময় চাপা পড়ে একজন আলেমের মৃত্যুর বিষয়টি তিনি সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








