এই ঈদে তারিক আনাম খান

Printed Edition
এই ঈদে তারিক আনাম খান
এই ঈদে তারিক আনাম খান

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেতা, নির্মাতা তারিক আনাম খান। বাংলাদেশের অন্যতম নাট্যদল ‘নাট্যকেন্দ্র’র প্রতিষ্ঠাতা তিনি। ‘দেশা দ্য লিডার’ ও ‘আবার বসন্তে’ সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী এই অভিনেতাকে আগামী ১৯ মার্চ থেকে হৈচৈ ওটিটি প্ল্যাটফরমে প্রচারে আসা ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’য় একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের ভূমিকায় অভিনয়ে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। এছাড়াও এই ঈদে তিনটি নাটকেও তারিক আনাম খানকে দেখা যেতে পারে। নাটকগুলো হচ্ছে শহীদ উন নবীর ‘ভূত শ^শুর’, আশিকুর রহমানের ‘লিলিথ’ ও তাইফুর জাহান আশিকের ‘গুলনাহার’। তারিক আনাম খান বলেন, ‘এবারের ঈদ উপলক্ষে মূলত তিনটি নাটকে অভিনয় করেছি। তার মধ্যে ভূত শ^শুর ও গুলনাহার কমেডি ঘরানার গল্পের নাটক। লিলিথ’টা আবার সিরিয়াস গল্পের নাটক। তবে এর মধ্যে গুলনাহার ও লিলিথ প্রচারে আসবে এতটুকু জানি। ভূত শ^শুরটা প্রচারে আসবে কী না তা নিশ্চিত নই। তিনটা নাটকেরই গল্প সুন্দর। নির্মাতারা বেশ আন্তরিকতা দিয়েই নাটকগুলো নির্মাণের চেষ্টা করেছেন। আর একসাথে আলাদাতে আমি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। আমার সঙ্গে এতে আরো অভিনয়ে আছে তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার, ইয়াশ রোহান ও পারসা ইভানা। বেশ সুন্দর একটি গল্পের ওয়েব ফিল্ম। বিষয়টা এমন যে, এক ছাদের নিচে থাকলেই কী সম্পর্ক গা ঘেঁষে আসে, নাকি বাড়ে ঝগড়ার ভলিউম? এক সাথেও আলাদা থাকা যায়? আলাদা থেকেও এক হওয়া যায়? এমন প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এক সাথে আলাদা ওয়েব ফিল্মটি। আশা করছি দর্শকের ভালোলাগবে।’ এদিকে যদিও এবারের ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে শাকিব ফাহাদ নির্মাণ শুরু করেছিলেন ‘সোলজার’ নামের একটি সিনেমা। এই সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আর কয়েক দিন শুটিং হলেই সিনেমাটির কাজ শেষ হয়ে যেত। কিন্তু সবকিছু মিলিয়ে শাকিব খান অভিনীত এই সিনেমাটি ঈদে আর মুক্তি পাচ্ছে না। তারিক আনাম খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘সুরুজ মিয়া’, ‘জয়যাত্রা’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘জোনাকির আলো’, ‘নোলক’, ‘সাপলুডু’, ‘পেয়ারার সুবাস’, ‘উৎসব’ ইত্যাদি।