বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নয়া দিগন্ত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে অস্ত্রলুটের পর থানায় আগুনের পর রাজধানীতে ব্যাপক নাশকতা চালানোর অভিযোগ পাওয়া গেছে। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর পল্লবী, মহাখালী, বসিলা, বাড্ডা ও রামপুরা এলাকায় পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন রাত পৌনে ৯টা থেকে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।

পল্লবী থানার ওসি মো: জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনানী থানার ওসি মো: সালাউদ্দিন জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাড্ডা থানার ওসি জানান, বাড্ডা হোসেন মার্কেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আরশিনগর রোডের উপর একটি বাসে আগুন দেয়া হয়েছে। 

রামপুরা থানাধীন রামপুরা ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সোর সামনে রাত সোয়া ১১টায় রাইদা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৩৪০০) আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো: শাহজাহান বাসের এসব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস এসব আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে, সন্ধ্যার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বনানীর ১১ নম্বরে একটি পুলিশ ফাঁড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টায় মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাঁচাবাজারের মেইনগেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী মাথায় হেলমেট পরে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরণ হয়। তবে কোনোও হতাহত হয়নি। 

রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ির ফ্লাইওভার থেকে সামাদ মার্কেটের সামনে দুটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি। রাত ১০টায় মোহাম্মদপুরের বসিলায় এসআরবি-২ প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ১০টায় শ্যামলীতে ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সময় পথচারিরা সন্দেহভাজন এক যুবককে আটক করে। 

এছাড়াও মহাখালী কাঁচাবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৯টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। রাত ১১টায় রাজধানীর বসুন্ধরনা আবাসিক এলাকায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এছাড়াও রাত সোয়া ১১টায় এখন টেলিভিশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রাতে সাড়ে ১১টায় আদাবর থানার শিয়া মসজিদ এলাকায় টপটেনের সামনে একটি অবিস্ফোরিত ককটেল ঘিরে রাখে পুলিশ।  

রাত ১০টা ২০ মিনিটে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

লালবাগে মিছিলের অর্থায়নের অভিযোগে সাবেক নেতা গ্রেফতার
রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিলের আয়োজন, অর্থায়ন ও সক্রিয় অংশগ্রহণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। তার নাম মোস্তফা আহমেদ জুয়েল (৫০)। 

লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে রাষ্ট্রবিরোধী একটি ঝটিকা মিছিলের আয়োজন করে। গ্রেফতারকৃত মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক এবং এই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা এবং সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত লালবাগের পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত ডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী।