
খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর টহল চলার মধ্যেই নগরীর আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক ঘের ব্যবসায়ী ও এক ভ্যানচালক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ গুলির ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোলায়মান শেখ (৫৫) ও মো: খালেক (৬৫)। তাদের শরীরে গুলির ক্ষত ছাড়াও আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সোলায়মান ও খালেক একটি ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুই থেকে তিনজন মাস্ক পরা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাঁ হাতে লাগে। তাদের দুজনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মাস্ক পরা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। তারা দুজন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাদের সাথে কথা বলে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








