
নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য বড় ভাই জুডের সাথে ছোট ভাই জোব বেলিংহ্যামকে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক দিয়ে এই পরিবারের ‘অবিশ্বাস্য গল্পের’ প্রশংসা করেছেন কোচ টমাস টাচেল।
২৫ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফুলহ্যামের তররুণ ফুটবলার জশ কিংও। তবে দলে জায়গা হয়নি চেলসির ফরোয়ার্ড কোল পালমারের।
২১ বছর বয়সী মিডফিল্ডার জোব বররুসিয়া ডর্টমুন্ডে দ্বিতীয় মৌসুমের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে বড় ভাই জুডও ডর্টমুন্ডে খেলেছেন।
টাচেল বলেন, ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে জোব ছিলেন নজরকাড়া খেলোয়াড়। চলতি মৌসুমে ক্লাবের হয়েও তিনি ‘খুব প্রভাবশালী’ হয়ে উঠেছেন।
শুক্রবার ওয়েম্বলিতে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ বলেন, ‘সামগ্রিকভাবে এটি পরিবারটির জন্য অবিশ্বাস্য এক অর্জন। এটি নিজেই একটি অবিশ্বাস্য গল্প।’
তিনি আরো বলেন, “আমি আগেই বলেছি, তাকে দলে ডাকতে পেরে আমি খুব খুশি। ফোন করার পরপরই তার উচ্ছ্বাস ও হাসি দেখতে পেয়েছি। তার ব্যক্তিত্ব খুবই খোলামেলা ও শান্ত। তাই অবশ্যই এটি ছিল খুব সুন্দর একটি ফোনালাপ, কারণ খবরটি ছিল দারুণ।”
জোবের খেলার ধরন সম্পর্কে টাচেল বলেন, “আমরা তাকে সেন্ট্রল মিডফিল্ডে খেলতে দেখি। এখন এই পজিশনে আমাদের পাঁচজন খেলোয়াড় রয়েছে। সে তার ভাই জুডের তুলনায় বেশি রক্ষণাত্মক। বল পায়ে সে শক্তিশালী, শারীরিক গঠন ভালো, দেহের আকৃতি বড় এবং বেশ শারীরিক সক্ষমতাসম্পন্ন খেলোয়াড়। বলের দখল ধরে রাখতেও পারে।”
ইংল্যান্ডের আগের ক্যাম্প থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া পালমার সম্পর্কে টাচেল আবারো এই কথা বলেছেন। তার মতে, পালমার ‘নিজের সামর্থ্য দেখানোর অনেক বেশি সুযোগ হাতছাড়া করছেন। এটি ব্যক্তিগত কোনো বিষয় নয়। অবশ্যই আমরা কখনোই ধরে নেব না যে কোল দেশের হয়ে খেলার মানসিকতায় নেই। তবে প্রতিযোগিতা চলছে।
ক্যাম্পে থাকা খেলোয়াড়রা অসাধারণ কাজ করেছে এবং নিজেদের জায়গা ধরে রেখেছে।”
চার ম্যাচে তিন জয় ও এক হারে গ্রুপ এ৩-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। একমাত্র হারটি বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে, ওয়েম্বলিতে।
আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়াকে আতিথ্য দেবে ইংল্যান্ড। গত মাসে দলটিকে ৭-০ গোলে হারিয়েছিল থ্রি লায়ন্সরা। এরপর স্পেনের বিপক্ষে খেলতে যাবে তারা। নেশন্স লিগের মার্চে অনুষ্ঠিতব্য নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র এক পয়েন্ট।
তবে গ্রুপের শীর্ষস্থান অর্জনই তার লক্ষ্য বলে জানিয়েছেন টুখেল।
তিনি বলেন, “আমরা চাপের মধ্যে খেলতে চাই এবং বড় ম্যাচগুলোতে নিজেদের মেলে ধরতে চাই।”
“২০২৮ সালের ইউরোর জন্য সর্বোত্তম প্রস্তুতি নিতে আমরা ঠিক এ কারণেই নেশন্স লিগকে কাজে লাগাতে চাই।”
“আমার কাছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগের ম্যাচের ফলের পর। আমরা প্রাপ্য জয় পেয়েছিলাম, তবে সেটি ছিল কিছুটা অস্বাভাবিক বড় ব্যবধানের জয়। সাধারণভাবে ক্রোয়েশিয়ার সামর্থ্যের প্রতিফলন ওই ফল নয়।”
সম্প্রতি ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পিটার শিলটনের সাথে ১২৫ ম্যাচে স্পর্শ করেছেন। গত অক্টোবরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে শিলটনের রেকর্ড স্পর্শ করেন তিনি। আসন্ন ম্যাচে মাঠে নামলে ১২৬ ম্যাচ নিয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হবেন কেইন
টাচেল বলেন, “সে ব্যালন ডি’অর জিতেছে, এবং যথার্থভাবেই জিতেছে। এরপর ইংল্যান্ডের হয়ে পরের ম্যাচেই ১২৬ ম্যাচ খেলে সর্বকালের রেকর্ড গড়বে।”
“এটি অবিশ্বাস্য এক অর্জন। তার পেশাদারত্ব, ব্যক্তিত্ব ও মানসিকতারই প্রমাণ দেয় এই কীর্তি।” বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








