চোটের লড়াইয়ে হার মানলেন মার্ক উড
চোটের লড়াইয়ে হার মানলেন মার্ক উড।

ক্রীড়া ডেস্ক
দীর্ঘ দিন ধরে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতিতে বল করে ব্যাটারদের আতঙ্কের কারণ হয়ে ছিলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। কিন্তু চোট, পুনর্বাসন আর মাঠে ফেরার লড়াই- সবকিছুর মধ্য দিয়ে ক্যারিয়ারকে এগিয়ে নেয়া এই গতিময় পেসারের পথচলার শেষ অধ্যায় শুরু হয়েছে ৩৬ বছর বয়সে। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই তার আগ্রাসী বোলিং ছিল দলের অন্যতম বড় অস্ত্র। এবার দীর্ঘ দিন চোটের সাথে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই পেসার। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও গণমাধ্যমে কাজ করার পাশাপাশি টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় খেলতে চান অভিজ্ঞ এই পেসার।
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন উড। এরপর মাত্র একটি টেস্ট খেলেছেন এই ফাস্ট বোলার। যা ছিল গত শীতে অ্যাশেজের প্রথম ম্যাচে। এরই মধ্যে দারুণ একজন ব্রডকাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ডারহ্যামে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডেতে কাজ শুরুর আগে অবসরের ঘোষণা দিলেন উড। 
ডারহ্যামের হয়ে আপাতত টি-২০ ব্লাস্টে খেলা চালিয়ে যাবেন উড। গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সময়-সুযোগ পেলে খেলবেন ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে। লেভেল থ্রি কোচিংয়ের জন্য পড়াশোনাও করছেন তিনি। 
২০১৫ সালের ৮ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উডের। দ্রুতই খেলে ফেলেন তিন সংস্করণে। চোটের জন্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ যদিও পাননি। তবে যখন খেলেছেন, সবসময়ই নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি।

Advertisement