তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সংগৃহীত
ads

প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ছুটি চালুর ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে শুরু করে সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে এই ১৫ দিনের ছুটি নিতে পারবেন। সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়ে আবেদন পাওয়ার পর রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সন্তান জন্মের সময়টি মা ও শিশুর উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে স্ত্রীর পাশে থাকার সুযোগ দিতেই বিবাহিত পুরুষ কর্মীদের জন্য এ ছুটির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি হবে এবং সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

এর আগে, নারী সরকারি কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি চালু করেছিল রাজ্য সরকার, যা মাতৃত্ব ও শিশুর কল্যাণের প্রতি সরকারের গুরুত্বের প্রতিফলন। এমনকি গত আগস্টে তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রেও নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, তামিলনাড়ুতে ২০১১ সালে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ প্রথমে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস এবং ২০১৬ সালে নয় মাস করা হয়। পরবর্তী সময়ে ২০২১ সালের জুলাইয়ে তা বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়েছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস