
কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা গড়ে তুলতে শরীয়তপুর ও মাদারীপুরের তরুণদের ঋণ ও অনুদান দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দুই জেলার প্রতিটি উপজেলায় ১০ জন করে উদ্যোক্তাকে অর্থায়ন করা হবে। এ লক্ষ্যে দুই জেলার তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার শরীয়তপুর কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের কর্মকর্তারা উদ্যোক্তা অনুসন্ধান, যাচাই-বাছাই ও অর্থায়ন প্রক্রিয়া সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ধারণা দেন। কর্মশালায় জানানো হয়, ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পাবেন। পর্যায়ক্রমে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘প্রকৃত ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করেই এ সুবিধা দেয়া হবে। কোনো সুপারিশ বা অবৈধ উপায়ে সুবিধা নেয়ার সুযোগ নেই।’ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর জোন প্রধান মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









