
দীর্ঘ ১৮ বছর পর গত মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশি পাহারায় বাগেরহাটের মোংলার মোর্শেদ রোডের বাড়িতে ফিরলেন বাদল ফরাজী। দরজার সামনে পুলিশের গাড়ি থামতেই ছেলেকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মা শেফালী বেগম। তবে এই ফেরা সাময়িক; মায়ের কাছে থাকার জন্য সময় পেয়েছেন মাত্র চার সপ্তাহ, এরপর আবারো তাকে ফিরতে হবে কারাগারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরা সেবা বিভাগের কারা-২ শাখার ১৬ নভেম্বরের নির্দেশনায় এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিশেষ বিধান অনুযায়ী মানবিক কারণে তাকে চার সপ্তাহের প্যারোল দেয়া হয়। গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, প্রচলিত ১২ ঘণ্টার পরিবর্তে মানবিক বিবেচনায় এই প্যারোল মঞ্জুর করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর বাগেরহাট জেলা কারাগার ও মোংলা থানা হয়ে রাতে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
বাড়িতে ফেরার পর মা শেফালী বেগম নিজের হাতে ছেলেকে খাবার তুলে দেন। তবে আনন্দের মধ্যেও শঙ্কা কাটছে না তার। শেফালী বেগম বলেন, আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারাজীবন আমার সাথে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই। বাদলের বোন আকলিমা বেগম জানান, অসুস্থ মায়ের পাশে থাকতে তারা প্যারোলের আবেদন করেছিলেন এবং এখন স্থায়ী মুক্তির প্রত্যাশা করছেন। মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, প্যারোলের শর্ত মেনেই পুলিশি তদারকিতে তাকে বাড়িতে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের মে মাসে ভারতের দিল্লিতে এক বৃদ্ধা হত্যাকাণ্ডে ‘বাদল সিং’ নামে এক গৃহকর্মীকে খুঁজছিল ভারতীয় পুলিশ। অভিযোগ রয়েছে, নামের মিলের কারণে ওই বছরের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যাওয়া মোংলার বাসিন্দা বাদল ফরাজীকে আটক করে বিএসএফ। ভাষাগত জটিলতায় নিজের বক্তব্য তুলে ধরতে না পারায় ২০১৫ সালে দিল্লির আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৮ সালের ৬ জুলাই বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার পর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন। কারাবন্দী অবস্থাতেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









