দুর্গাপুরে সরকারি তহবিলের ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
ads

নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সরকারি তহবিলের ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানের স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এ অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সচিব মো: রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা বিভিন্ন সময়ে উত্তোলন করা হয়েছে। অথচ কৃষকদের মধ্যে বরাদ্দের অর্থ বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রশাসক। গত ২৪ নভেম্বর ব্যাংক হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা করে বিষয়টি জানতে পারেন তিনি। 
এ ঘটনায় ওই দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই মো: উসমান গনি ও রিপন কর্মকার নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’ ইউএনও আহমেদ সাদাত জানান, সরকারি অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে সরকারি অর্থ উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।