
ভোট নিয়ে ভারতজুড়ে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রোববার (১ নভ্ম্বের) রাজধানীর দিল্লির রাজপথ প্রায় রণক্ষেত্রের রূপ নিয়েছে। একদিকে বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভ মিছিল, অন্যদিকে বিজেপির পাল্টা কর্মসূচি। সব মিলিয়ে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ চাপে রয়েছে পুলিশ।
রোববার সকালে দিল্লির মিন্টো রোড এলাকা থেকে একটি ছবি সামনে আসে। অভিযোগ উঠেছে, কংগ্রেস কর্মীরা ওই চত্বরে থাকা বিজেপির একাধিক হোর্ডিং ও পোস্টার ছিঁড়ে ফেলেন। ওই পোস্টারগুলোতে ১৯৮৪ সালের শিখবিরোধী সংঘর্ষের ভয়াবহতার চিত্র তুলে ধরে বিজেপি। ঠিক এই সময়েই রাহুল গান্ধীর নেতৃত্বে রামলীলা ময়দানের দিকে একটি মিছিল যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে এই সংঘাতের সূত্রপাত আগেই হয়েছিল। ১ নভেম্বর থেকে ৪ নভেম্বরের মধ্যে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ আয়োজন করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
এদিকে, এসব উত্তেজনার মধ্যেই রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ভোটের সময়ে বিভিন্ন সাংবিধানিক সংস্থায় অনিয়মের অভিযোগ তুলে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই সমাবেশের ডাক দেয়া হয়েছে। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শিরোনামের এই কর্মসূচিতে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বিরোধী দলের নেতা ও সমর্থকেরা রাজধানীতে এসেছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকালে রাহুল গান্ধীসহ দেশের প্রথম সারির বিরোধী নেতাদের রামলীলা ময়দানে পৌঁছনোর কথা। দুপুর ১২টায় কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশের জন্য সময় নির্ধারিত রয়েছে।
সমাবেশে কয়েক লাখ মানুষের ঢল নেমেছে। একদিকে নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে বিরোধীদের হুংকার এবং অন্যদিকে বিজেপির পাল্টা প্রতিরোধ, দিল্লির এই জোড়া রাজনৈতিক কর্মসূচিতে বর্তমানে জাতীয় রাজনীতি পুরোপুরি উত্তপ্ত।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








