
নারী কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সাবেক সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটিতে জায়গা দিয়েছে তার দল। মামলায় খালাস পাওয়ার প্রায় তিন মাসের মাথায় বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটিতে তার অন্তর্ভুক্তি ঘিরে দেশটির রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই কমিটি গঠন করেছে বিজেপি।
শনিবার (৩১ অক্টোবর) ভারতের একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, গত ২৬ অক্টোবর উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী ৭১২ সদস্যের নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এর মধ্যে ৫৪৮ জন নিয়মিত সদস্য, ১৩৪ জন বিশেষ আমন্ত্রিত এবং ৩০ জন স্থায়ী আমন্ত্রিত সদস্য। ছয়বারের সংসদ সদস্য ব্রিজভূষণ এই প্রথম রাজ্য কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন। তার নিজের জেলা গোন্ডা থেকে আরো ছয়জন বিজেপি নেতাও কমিটিতে রয়েছেন।
আরো পড়ুন—সংসার নিয়ে টানাপোড়েনের খবর : অবশেষে মুখ খুললেন ফারুকী
উল্লেখ্য যে, তিন বছর আগে ছয়জন নারী কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন সুবিধা চাওয়া, শ্লীলতাহানি ও ভয় দেখানোর অভিযোগ আনেন।
প্রতিবাদে আন্দোলনে নামেন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ও বিশ্বচ্যাম্পিয়ন বিনেশ ফোগাট-সহ কুস্তিগিররা। আন্দোলন দমনে পুলিশের পদক্ষেপও বিতর্ক তৈরি করেছিল। অভিযোগের জেরে ডব্লিউএফআই সভাপতির পদ ছাড়তে বাধ্য হন ব্রিজভূষণ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি বিজেপি।
কৈসরগঞ্জ কেন্দ্র থেকে তার ছেলে করণভূষণ সিংকে প্রার্থী করা হয়। করণ সেই নির্বাচনে জয়ী হন। গত ৩ আগস্ট দিল্লির আদালত ব্রিজভূষণকে মুক্তি দেয়। তবে চার নারী কুস্তিগির সেই রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন। ২৮ অক্টোবর দিল্লির আদালত ব্রিজভূষণকে ওই আবেদনের জবাব দিতে এক সপ্তাহ সময় দিয়েছে।
এদিকে, ঘনিষ্ঠ এক সহযোগীর দাবি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি পেলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চান ব্রিজভূষণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








