
ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে সম্পর্ক নতুন করে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে বাণিজ্য ও তরুণদের যাতায়াত সহজ করতে একাধিক চুক্তিতে পৌঁছানোর আশা করছে যুক্তরাজ্য ও ইইউ।
শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ইইউর শীর্ষ নেতারা।
ব্রেক্সিটের প্রায় এক দশক পর দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক করার পথে এটিকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের গ্রীষ্মে ক্ষমতায় আসার পর ইউরোপের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিতর্কে বেশ কিছু প্রচলিত অবস্থান থেকে সরে এসেছেন বার্নহাম। এমনকি ভবিষ্যতে যুক্তরাজ্যের আবারো ইইউতে যোগ দেয়ার সম্ভাবনার কথাও তিনি তুলেছেন।
তবে আপাতত ব্রাসেলসে ইইউর শীর্ষ নেতা উরসুলা ভন ডার লেয়েন ও আন্তোনিও কস্তার সাথে বৈঠকে বড় কোনো সিদ্ধান্তের পরিবর্তে ছোট পরিসরের কয়েকটি পদক্ষেপে গুরুত্ব দেয়া হচ্ছে। এর লক্ষ্য, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রায় ১০ বছর পর দুই পক্ষের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা। ভবিষ্যতে সম্পর্ক কোন দিকে এগোবে, সে বিষয়ে বড় সিদ্ধান্ত আপাতত পরে নেয়ার পরিকল্পনা রয়েছে বার্নহামের।
চলতি সপ্তাহে বার্নহাম বলেন, ‘এটি আমাদের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা আর সংঘাত চাই না, সম্পর্কের সেতু ভেঙে ফেলতে চাই না। বরং গঠনমূলক ও ইতিবাচকভাবে কাজ করে যুক্তরাজ্য ও ইইউ—উভয়ের জন্য লাভজনক ফল অর্জন করতে চাই।’
তিনি আরো বলেন, ‘এই সম্মেলনের পর দীর্ঘমেয়াদে ইইউর সাথে সম্পর্ক কেমন হবে, তা নিয়ে অংশীদারদের সাথে আলোচনা শুরু করব।’
ব্রাসেলসের সম্মেলনে মূলত তিনটি চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে। প্রথমটি খাদ্যপণ্য রফতানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও অপ্রয়োজনীয় নিয়মকানুন কমানো নিয়ে। দ্বিতীয়টি দুই পক্ষের কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থাকে পরস্পরের সাথে যুক্ত করা। আর তৃতীয়টি হলো তরুণদের জন্য বিশেষ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু করা।
বার্নহামের মতে, এসব উদ্যোগের মাধ্যমে ব্রেক্সিটের কারণে সৃষ্ট কিছু ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। যদিও এসব পরিকল্পনা তার প্রধানমন্ত্রিত্ব শুরুর অনেক আগেই আলোচনার পর্যায়ে ছিল।
নতুন সমঝোতা কার্যকর হলে ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ইউরোপে পণ্য রফতানি সহজ হবে। পাশাপাশি ৩০ বছরের কম বয়সী হাজার হাজার তরুণ কাজ, পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে একে অপরের দেশে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন।
ইইউর শীর্ষ নেতাদের সাথে বৈঠকে পরিবেশ আগের তুলনায় অনেক ইতিবাচক হলেও পুরোনো মতবিরোধ পুরোপুরি কাটেনি।
চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাসেলস ও লন্ডনের মধ্যে তীব্র আলোচনা হয়েছে। একাধিক কূটনীতিকের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ইইউভুক্ত দেশগুলো চুক্তির প্রস্তাবিত প্যাকেজে সম্মতি দিয়েছে। তবে যুক্তরাজ্যের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন তখনো বাকি ছিল।
বিরোধের অন্যতম প্রধান বিষয় ছিল যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের টিউশন ফি কমিয়ে ব্রিটিশ শিক্ষার্থীদের সমপর্যায়ে আনার বিষয়ে ভবিষ্যৎ চুক্তিতে লন্ডনকে সম্মত করানো।
যুক্তরাজ্যবিষয়ক আলোচনায় ইইউর অভিজ্ঞ প্রতিনিধি মারোস সেফকোভিচ বলেন, আলোচনা অত্যন্ত বিস্তারিত এবং কখনো কখনো কঠিন হলেও সামগ্রিক পরিবেশ ‘খুবই ইতিবাচক’ রয়েছে।
সতর্কভাবে এগোতে চান বার্নহাম
প্রধানমন্ত্রী হওয়ার আগে বার্নহাম প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ব্রেক্সিট নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে শুরু করবেন না। কিন্তু গত জুলাইয়ে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার পর তার বিভিন্ন বক্তব্য ও উদ্যোগে সেই বিতর্ক আবারো সামনে এসেছে।
এর আগে বার্নহাম বলেছিলেন, জীবদ্দশায় তিনি যুক্তরাজ্যকে আবারো ইইউর সদস্য হিসেবে দেখতে চান। এখন তিনি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কয়েকটি বিকল্প তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে বর্তমান অবস্থা বজায় রাখা, ইইউর কাস্টমস ইউনিয়নে যুক্ত হওয়া কিংবা পুনরায় পূর্ণ সদস্য হওয়ার বিষয়ও রয়েছে।
এই উদ্যোগের পেছনে একটি বড় কারণ হলো, বিভিন্ন জনমত জরিপে নিয়মিত দেখা যাচ্ছে, ব্রিটিশদের অধিকাংশই এখন ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। আগামীকাল গণভোট হলে তাদের অধিকাংশই আবার ইইউতে যোগ দেয়ার পক্ষে ভোট দেবেন বলে জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এছাড়া ব্রেক্সিটের প্রভাবে যুক্তরাজ্যের অর্থনীতি দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালের পর বিশ্ব পরিস্থিতিতেও বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি ইউরোপের দৃঢ় সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে।
বার্নহাম আশা করছেন, ইইউর সাথে সম্পর্কের উন্নতি আগামী সাধারণ নির্বাচনে মধ্য-বামপন্থী রাজনৈতিক দলগুলোর একটি বৃহত্তর জোট গঠনে সহায়তা করবে। ২০২৯ সালের আগে যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
তবে তার এই কৌশলে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিও রয়েছে। কারণ, তার নিজের দলসহ পুরো ব্রিটিশ রাজনীতিতেই ইউরোপের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মতভেদ রয়েছে।
আপাতত প্রধানমন্ত্রী আগের তুলনায় কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন।
লেবার পার্টির একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘আমি ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। তবে তাকে সতর্কভাবে এগোতে হবে।’
বার্নহামের এই উদ্যোগের কারণে বিরোধী কনজারভেটিভ পার্টি এবং নাইজেল ফারাজের কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকে তার বিরুদ্ধে ব্রেক্সিটের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলার সুযোগ পাচ্ছে। শুক্রবার ব্রাসেলসে নিজস্ব সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ফারাজেরও।
তবে এই মেয়াদে ইউরোপের সাথে সম্পর্কের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নির্ধারিত কিছু মৌলিক অবস্থান বা ‘রেড লাইন’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নহাম। এর অর্থ, যুক্তরাজ্য আপাতত ইইউর একক বাজার, কাস্টমস ইউনিয়ন কিংবা অবাধ চলাচল ব্যবস্থায় ফিরছে না।
তবে এসব সীমারেখা আরো শিথিল করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। লেবার পার্টির সাবেক উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি সম্প্রতি দলটির পরবর্তী নির্বাচনী ইশতেহারে আবারো ইইউতে যোগ দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নেয়া লেবার পার্টির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।
অন্যদিকে, ব্রাসেলসে যুক্তরাজ্যের শিগগিরই আবার ইইউতে ফিরে আসার বিষয়ে তেমন প্রত্যাশা নেই।
ইইউর এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘আমার সন্দেহ, এমন কোনো বড় পদক্ষেপ নেয়ার ঝুঁকি তিনি নেবেন, যা যুক্তরাজ্যের রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করতে পারে।’
তিনি আরো বলেন, ‘সম্ভবত তিনি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাবেন। যতটা ঘনিষ্ঠ সম্পর্ক সম্ভব, তা গড়ে তুলতে আমরা প্রস্তুত।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









