ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা ও চট্টগ্রামগামী বাস, সড়ক অবরোধ, ট্রাক
৩৬ ঘণ্টা পর সচল গোপালগঞ্জের মহাসড়ক। সংগৃহীত
ads

গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল শুরু করে।

সংশ্লিষ্ট পরিবহণ কাউন্টারগুলো জানিয়েছে, শুক্রবার সকাল থেকে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যাচ্ছে।

এছাড়া গোপালগঞ্জের ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহণের কাউন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়তে শুরু করেন পণ্যবাহী বিভিন্ন যানবাহনের চালকরা। এতে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকা পড়ে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর এসব যানবাহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।