নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ
নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। সংগৃহীত

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়েছিল।

মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মোবাইলফোন নিয়ে গিয়েছিল। পরে তিনি সেটি ফেরত পেয়েছেন। থানা থেকে আটক অন্য নারীদেরও মুক্তি দেয়া হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

নেহা বোরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন চলছে।

শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে নেহা বোরাসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়।

উল্লেখ্য, নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। এছাড়া তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি।