দিল্লি পুলিশ ও সাংবাদিকরা
দিল্লি পুলিশ ও সাংবাদিকরা। সংগৃহীত ছবি

ভারতের রাজধানীতে লাগাতার রাজনৈতিক বিক্ষোভ এবং উত্তেজনা ঘিরে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ।

Advertisement

সাম্প্রতিক আন্দোলনের সংবাদ করতে গিয়ে অনেক সময় ভুয়ো সাংবাদিক সেজে বিক্ষোভকারীদের একাংশ ঝামেলা করছে বলে অভিযোগ তুলেছে পুলিশ প্রশাসন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবং পুলিশের কাজে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, তার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।

দিল্লি পুলিশের এডিশনাল ডিসিপি মনজিৎ শিওরান সামাজিক যোগাযোগমাধ্যম বলেছেন, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু ব্যক্তি এক দিন সাংবাদিক হিসেবে মাঠে নামছেন এবং পরের দিনই সরাসরি বিক্ষোভে অংশ নিচ্ছেন। পুলিশ বারবার তাদের নিরাপদ দূরত্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের অনুরোধ জানালেও তারা নিরাপত্তারক্ষীদের কাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে। সে কারণেই শেষ পর্যন্ত তাদের আটক করতে বাধ্য হচ্ছে পুলিশ। 

পুলিশের পক্ষ থেকে জারি করা ওই বিশেষ নির্দেশে বলা হয়েছে, প্রতিবাদের খবর সংগ্রহ করতে যাওয়া সব সাংবাদিককে তাদের নিজের সংস্থার দেয়া বৈধ পরিচয়পত্র অথবা সরকারি পিআইবি কিংবা ডিআইপি অ্যাক্রেডিটেশন কার্ড সাথে রাখতে হবে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ যাতে দূর থেকেই তাদের সহজে চিনতে পারে, সেইজন্য ওই পরিচয়পত্র সবসময় দেখা যায় এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে।

এছাড়াও নির্দেশে বলা হয়েছে যে, সাংবাদিকরা যাতে কোনোভাবেই পুলিশি অভিযান, নিরাপত্তাব্যবস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধিতে বাধা না দেন, তা নিশ্চিত করতে হবে। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ভিড়ের ভেতরে খবর সংগ্রহ বা ভিডিও রেকর্ড করার সময় পুলিশ কর্মীদের থেকে একটি নির্দিষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাংবাদিকদের পরামর্শ দেয়া হয়েছে। এমনকি তাদের এমন জায়গায় থাকতে বলা হয়েছে, যাতে সাধারণ বিক্ষোভকারীদের ভিড় থেকে তাদের আলাদা করে চেনা যায়।

সূত্র : দ্য ওয়াল