ভারত, ভারতের মুসলমান, বুলডোজার, উত্তরপ্রদেশ
রাস্তা সম্প্রসারণের অজুহাতে গুড়িয়ে দেয়া হয়েছে মুসলমানদের ১০টি ভবন। ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে কাচাহরি চৌরাস্তার কাছে সড়ক সম্প্রসারণের অজুহাতে ১০টি ভবন ভেঙে দিয়েছে সেখানকার প্রশাসন। 

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার মুসলিম-অধ্যুষিত এলাকাটিতে ছয়টি বুলডোজার ও একটি পোকলেন মেশিন দিয়ে ওই ভবনগুলো ভাঙা হয়। 

অভিযানের আগে কয়েকজন বাড়ির মালিক নিজেরাই বাড়ির কিছু অংশ খুলে ফেলতে শুরু করেন। বাসিন্দা ও দোকানদারদেরও জিনিসপত্র সরিয়ে নিতে দেখা যায়।

প্রশাসনের দাবি, ভেঙে দেয়া ১০টি ভবনকে আগেই জীর্ণ বলে ঘোষণা করেছিল বারাণসী সিটি করপোরেশন। রাস্তা চওড়া করার কাজে ওই ভবনগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছিল। 
সিটি করপোরেশন ও পূর্ত দফতরের (পিডব্লিউডি) যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। ভবন মালিকদের আগে নোটিশও দেয়া হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে কে সিং জানিয়েছেন, অক্টোবরের শেষের মধ্যে রাস্তার নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

অভিযানের সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচলও নিয়ন্ত্রণ করতে হয়। এর জেরে কাচাহরি যাওয়ার পথে সমস্যায় পড়েন আইনজীবীরা। কয়েকজন আইনজীবী অভিযান চালানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একে ‘ইচ্ছাকৃত’ বলে অভিযোগ করেন।

তবে সংশ্লিষ্ট ভবন মালিকরা ভাঙার নোটিশের বিরুদ্ধে কোনো আইনি চ্যালেঞ্জ করেছিলেন কি না, কিংবা ক্ষতিগ্রস্ত দোকানদারদের বিকল্প ব্যবস্থা দেয়া হয়েছিল কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি।