জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো। সংগৃহীত
ads

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের সভা, সমাবেশ ও কর্মসূচি আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে বিনা অনুমতিতে বেআইনি সমাবেশ, মব সৃষ্টি, বল প্রয়োগ ও আতঙ্ক ছড়ানোর মতো ঘটনা ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার মতো ঘটনাও ঘটেছে, যা অফিস ও চাকরি শৃঙ্খলার পরিপন্থী এবং ফৌজদারি অপরাধের শামিল।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গত সোমবার ক্যাম্পাসে লকডাউন দিয়ে বিক্ষোভ করেন। সেদিন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা ক্যাম্পাসে অবরুদ্ধ ছিলেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা করা হয়, শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং ভাঙচুর ও নাশকতার অভিযোগে ২২ জনের নাম উল্লেখসহ ১৭২ জনের বিরুদ্ধে থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে জারি করা এ অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ এবং সব আঞ্চলিক কেন্দ্রে অবহিত করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।