পাকিস্তান, বিস্ফোরণ,হামলা, বোমা, নিহত, আহত
ডেরা ইসমাইল খানের কাছে বিস্ফোরণ এলাকা। দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকায় আমান মেলার কাছাকাছি বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।

পাকিস্তানে ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন শনিবার (২৬ সেপ্টেম্বর) জানায়, রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফায়জি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে। রেসকিউ ১১২২-এর অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

বিলাল আহমদ ফায়জি আরো বলেন, 'উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য কারাক ও হাঙ্গু থেকেও অতিরিক্ত অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।'

এর আগে গত সপ্তাহে কোহাট পুলিশ লাইন্সে একটি মসজিদের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। এরপর সশস্ত্র হামলাকারীরা কম্পাউন্ডে ঢুকে পুলিশ স্থাপনায় হামলা চালায়। ওই ঘটনায় ১৫ পুলিশ সদস্যসহ ২৩ জন নিহত হন।

আফগানিস্তানভিত্তিক হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান বা আইএমপি ওই প্রাণঘাতী বিস্ফোরণ ও একাধিক হামলা চালানোর দায় স্বীকার করেছে।