পাকিস্তানে বোমা হামলা
পাকিস্তানে বোমা হামলায় দেয়াল ধসে পড়েছে ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়।

জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বিস্ফোরকবাহী একটি গাড়ি ওল্ড পুলিশ লাইন্সের গেটে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও রয়েছেন।

কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলি শাহ নিশ্চিত করেছেন যে, আহতদের পাশাপাশি ১৫ জনের লাশ হাসপাতালে আনা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, বোমা বিস্ফোরণের পর এক ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়ালও ধসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

সূত্র : জিও টিভি, আনাদোলু অ্যাজেন্সি