
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত করছেন একই থানার এসআই মো: রফিক।
নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোমবার ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় আট বছর নয় মাস চাকরি করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









