হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম
বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম, নেপথ্যে যেসব কারণ। নয়া দিগন্ত

মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার ও সাইবার অপরাধ রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে ভারত সরকার। 

Advertisement

টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) প্রস্তাবিত ‘সিম-বাইন্ডিং’ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সাময়িক জটিলতায় পড়তে পারেন হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বহু গ্রাহক।

‘টাইমস অব ইন্ডিয়া’ ও ‘দ্য ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, ডিজিটাল জালিয়াতি দমন ও মোবাইল নম্বরের অপব্যবহার রোধেই এই সিদ্ধান্ত। 

প্ল্যাটফর্মগুলোকে এই প্রযুক্তিগত পরিবর্তনের জন্য ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ভারতের টেলিকম কর্তৃপক্ষ। তবে নির্ধারিত দিন থেকেই যে সবার অ্যাকাউন্ট রাতারাতি বন্ধ হয়ে যাবে—বিষয়টি এমন নয়।

‘সিম-বাইন্ডিং’ আসলে কী?

সিম-বাইন্ডিং মূলত একটি আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, যা ব্যবহারকারীর মেসেজিং অ্যাকাউন্টের সাথে তার ডিভাইসে থাকা আসল সিম বা ই-সিম-এর সংযোগ সার্বক্ষণিক নিশ্চিত করে।

সহজ কথায়, যে ভারতীয় নম্বর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট নিবন্ধন করবেন, সেই নম্বরের সক্রিয় সিমটি অবশ্যই সংশ্লিষ্ট ফোনে থাকতে হবে। সিম পরিবর্তন করলে, খুলে ফেললে কিংবা নম্বরটি নিষ্ক্রিয় হয়ে গেলে যাচাইকরণের ব্যর্থতার কারণে অ্যাকাউন্টের ব্যবহার স্থগিত হতে পারে।

বিপাকে পড়তে পারেন যারা

১) সেকেন্ডারি ফোন ব্যবহারকারী
সিম এক ফোনে রেখে অন্য ডিভাইসে অ্যাপ ব্যবহার করলে যাচাইকরণে জটিলতা দেখা দিতে পারে।

২) সিম খুলে রাখা গ্রাহক
প্রাথমিক নিবন্ধনের পর ফোন থেকে সিম কার্ড খুলে অন্য কাজে ব্যবহার করলে অ্যাপ কার্যকারিতা হারাতে পারে।

৩) শুধুমাত্র ওয়াই-ফাই নির্ভর ব্যবহারকারী
ডাটা সংযোগ না থাকলেও অ্যাকাউন্টের নিবন্ধিত সিমটি ফোনে সক্রিয় থাকা বাধ্যতামূলক হবে।

৪) ডুয়াল-সিম ব্যবহারকারী
দুটি সিমের মধ্যে সঠিক নম্বরে অ্যাপ নিবন্ধিত রয়েছে কি না, তা পুনঃযাচাই করতে হবে।

ব্যবহারকারীদের করণীয় ও স্পষ্টীকরণ

বিচ্ছিন্ন হওয়া এড়াতে ব্যবহারকারীদের নিজস্ব অ্যাকাউন্ট ও নম্বরের সক্রিয়তা নিশ্চিত করার পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি টেলিকম বিভাগ এবং মেসেজিং অ্যাপগুলোর অফিসিয়াল আপডেটগুলো নজরদারিতে রাখা জরুরি।

একটি গুরুত্বপূর্ণ বার্তা

এটি কোনো ডিভাইস সংক্রান্ত বিধিনিষেধ নয়। ফলে পুরোনো মডেলের আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে—এমন ভাবার কোনো সুযোগ নেই। 

এছাড়া নিয়মটি কেবল ভারতীয় মোবাইল নম্বরধারীদের জন্য প্রযোজ্য; বাংলাদেশী ব্যবহারকারীদের ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না।