ডাকসু ভিপি সাদিক কায়েম
আলীগড় বিশ্ববিদ্যালয়ের ভিপি নাশরা নাঈম ও ডাকসু ভিপি সাদিক কায়েম (বাম দিক থেকে)। নয়া দিগন্ত

ভারতে সংখ্যালঘু ও মুসলিমদের জন্য সৃষ্টি হওয়া এক বৈরী পরিস্থিতির মাঝেই ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (এএমইউএসইউ) নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন তিনি। 

Advertisement

এই অনন্য ও আশাব্যঞ্জক বিজয়ে নাশরা নাঈমকে আন্তরিক অভিনন্দন ও সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সাথে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।

আলীগড় ছাত্র সংসদে নাশরা নাঈমের ঐতিহাসিক রেকর্ড

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথম মুসলিম নারী হিসেবে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন নাশরা নাঈম। তার এই অনন্য বিজয়ে এক বার্তায় সংহতি ও শুভেচ্ছা প্রকাশ করেন ডাকসু ভিপি।

সাদিক কায়েমের বক্তব্য ও অভিনন্দন বার্তা

শুভেচ্ছা বার্তায় সাদিক কায়েম বলেন, ‘যে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বাস করতে বাধ্য করা হচ্ছে এবং পদে পদে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে; সেই বৈরী বাস্তবতার মাঝে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নাশরা নাঈমের বিজয়ের খবর অত্যন্ত আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ী।’

তিনি আরো বলেন, ‘ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে এই পদে আসীন হওয়া নিঃসন্দেহে এক অনন্য ও অসাধারণ অর্জন। অভিনন্দন, নাশরা নাঈম!’

দক্ষিণ এশিয়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে ডাকসু ভিপি উল্লেখ করেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক তেমনিভাবে গোটা দক্ষিণ এশিয়াজুড়ে মাথাচাড়া দেওয়া সমস্ত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সাহস ও সংহতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি।’