সৌদি আরব
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে নেতৃবৃন্দ নয়া দিগন্ত

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। অনুষ্ঠানে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর কাছে হস্তান্তর করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চিঠিতে ডা: শফিকুর রহমান বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং সৌদি জনগণের প্রতি অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।

চিঠিতে বিশ্বের মুসলমানদের সৌদি আরবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টি তুলে ধরে মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম ও মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী সা:-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্বের কথা উল্লেখ করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার বিষয়টিও এতে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

এতে আরো বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক প্রচলিত দ্বিপক্ষীয় সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনগণের সাথে জনগণের সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশী দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একইসাথে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।