
ক্রীড়া প্রতিবেদক
দু’জনই জাতীয় দলের সাবেক অধিনায়ক। দু’জনই কিংবদন্তি। আবার সম্পর্কে ভায়রা-ভাই। মুশফিকুর রহীমকে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের বাড়তি আবেগ কাজ করাই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকের বিদায়ের ঘোষণা শুনে তাই আবেগঘন এক বার্তাই দিয়েছেন রিয়াদ।
মুশফিককে অভিনন্দন জানিয়ে রিয়াদ লিখেছেন, আল্লাহ তোমার প্রতি সব সময় সদয় ছিলেন। মুশফিকের ভূয়সী প্রশংসাও করেছেন রিয়াদ।
তার ভাষায়, ‘মাশাআল্লাহ। অবসর এবং বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য অভিনন্দন। বহু বছর ধরে তোমাকে খুব কাছ থেকে দেখেছি। একজন ক্রিকেটার ও ছোট ভাই হিসেবে সব সময় তোমাকে শ্রদ্ধা ও প্রশংসা করেছি।’
‘বছরের পর বছর ক্রিকেটের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ। আর আল্লাহ সব সময় তোমার প্রতি সদয় ছিলেন।’
রিয়াদের চোখে মুশফিক বাংলাদেশে জন্ম নেয়া, ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। দেশের অ্যাম্বেসেডর হিসেবেও দেখছেন নিজের এই সাবেক সতীর্থকে।
রিয়াদ লিখেছেন, ‘নিঃসন্দেহে তুমি বাংলাদেশের ইতিহাসে জন্ম নেয়া অন্যতম সেরা ক্রিকেটার। দেশের ও ক্রিকেটের একজন অসাধারণ প্রতিনিধি। একই সাথে তুমি একজন চমৎকার মানুষ, যিনি নিজের ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিত।’
হ্যাশট্যাগে মুশফিককে কিংবদন্তি আখ্যা দিয়ে রিয়াদ আরো লিখেছেন, ‘তোমার ভবিষ্যৎ জীবনের প্রতিটি উদ্যোগের জন্য রইল শুভকামনা। হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি শ্রদ্ধা।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









