
টাইমস অব ইসরাইল
পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে ইয়ার গোলানের নেতৃত্বাধীন দ্য ডেমোক্র্যাটস দলের সাথে চুক্তিতে যাচ্ছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। এ চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। সরকার গঠিত হলে চুক্তি অনুযায়ী দ্য ডেমোক্র্যাটস চারটি মন্ত্রণালয় পাবে। বামপন্থী এই দলটি দ্বিতীয় দল হিসেবে আইজেনকটের ইয়াশারের সাথে সরকার গঠনের সমঝোতায় আসছে। এর আগে মঙ্গলবার আভিগদর লিবারম্যানের ডানপন্থী দল ইসরাইল বেইতেনু একই ধরনের চুক্তিতে রাজি হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সরকার গঠনের তীব্র বিরোধিতা করে আসছে এই দুই দলই। তবে আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনের পক্ষে একমাত্র দল গোলানের দ্য ডেমোক্র্যাটস।
সরকার গঠনের লক্ষ্যে আইজেনকট ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন এবং প্রয়োজনে এই মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো সম্ভব। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্য দিকে ইসরাইলি-আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট ১১টি এবং আরব নেতা মনসুর আব্বাসের দল রাআম আটটি আসনে জয়ী হয়েছে। ১২০ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসন প্রয়োজন। বিরোধী জোটের ভেতরে সরকার গঠন নিয়ে নানা মতভেদ রয়েছে। অতি ডানপন্থী ইহুদি দলগুলোকে নেয়া হবে নাকি আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে বিরোধ আছে। পাশাপাশি নেতানিয়াহুর দল লিকুদের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে। ইয়ার গোলান আরব দলগুলোর সাথে জোট গড়ে সরকার গঠনের বিষয়ে আইজেনকটের ওপর চাপ দিচ্ছেন এবং লিকুদের সাথে আলোচনার বিরোধিতা করছেন। অন্য দিকে লিবারম্যানের অভিযোগ, নেতানিয়াহু সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









