
আলজাজিরা
সৌদি আরব ও পাকিস্তানের সাথে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো তুরস্ক। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে তুরস্কের অংশগ্রহণের অনুমোদন সম্পন্ন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এর আগে চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পায়। প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে তুরস্কের পক্ষ থেকে অনুমোদন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষ হলো। এ চুক্তির ফলে সৌদি আরবের সাথে সামরিক সহযোগিতা আরো জোরদার করার সুযোগ তৈরি হয়েছে তুরস্কের; বিশেষ করে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আঙ্কারা আরো বিস্তৃতভাবে সহায়তা করতে পারবে।
চুক্তির অন্যতম প্রধান শর্ত অনুযায়ী, জোটের কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে বাকি সব সদস্যের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে; অর্থাৎ কোনো এক দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে অন্য দুই দেশও সেই পরিস্থিতির সাথে সংশ্লিষ্ট হয়ে পড়বে। তবে চুক্তি অনুমোদিত হলেও সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েনের বিষয়টি এখনো চূড়ান্ত নয়; এমন পদক্ষেপ নিতে হলে তুরস্কের পার্লামেন্টের আলাদা অনুমোদন লাগবে। ফলে সামরিক সহায়তার সুযোগ তৈরি হলেও তাৎক্ষণিকভাবে সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি। এর বদলে গোয়েন্দা তথ্যবিনিময়, সামরিক সমন্বয়, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তাসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে সৌদি আরবের নিরাপত্তা সক্ষমতা বাড়াতে পারে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের আগেই জানিয়েছিলেন, চুক্তির অনুমোদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সম্ভাব্য সহযোগিতার ধরন নির্ধারণ করা হবে এবং হাউছিদের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর পরিকল্পনা আঙ্কারার নেই।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সম্মেলনে চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









