মধ্যপ্রাচ্যে শান্তি না ফিরলে পারমাণবিক ধ্বংসলীলার শঙ্কা ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে শান্তি না ফিরলে পারমাণবিক ধ্বংসলীলার শঙ্কা ট্রাম্পের ।
ads

 রয়টার্স

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসলীলা’ ঘটতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি দাবি করেছেন, ইরানের কাছে ইউরোপে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সাথে ফোনে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প এসব মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ বক্তব্য এলো। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। তার দাবি, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে না এলে ইরান ইসরাইল ও অঞ্চলের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে এবং এমন পরিস্থিতিতে সেখানে একটি ‘পারমাণবিক ধ্বংসলীলা’ ঘটে যেতে পারে। তবে ইরানের কাছে এখন পর্যন্ত কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি এবং দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই, বরং সেখানে শান্তি প্রতিষ্ঠাই জরুরি। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত তাদের সমর্থন দিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ইরানের শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তাদের চিনেছেন এবং খোলাখুলি বললে তারা ‘সত্যিই উন্মাদ’। এ কারণেই তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র যেতে দেয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
পুতিনকে ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান
রয়টার্স আরো জানায়, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে ইউরোপের বিভিন্ন অঞ্চলে সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আহ্বান জানানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে চীনে পুতিনের সাথে বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠকে এ নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তির পথ তৈরি করতে ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন পুতিন বন্ধ করবেন- এমনটাই তিনি চান। যুদ্ধ শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রতি মাসে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে এবং এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সঙ্ঘাত। আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের ইতি টানার আহ্বান ট্রাম্প আগেও জানিয়ে আসছেন।