
নিজস্ব প্রতিবেদক
আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি শুরু করবে বিএনপি। গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সোহওরায়ার্দী উদ্যোনে সমাবেশ অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, আগামী পয়লা ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বেলা ২টায়। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান।
যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ যুগ্ম মহাসচিব বৃন্দ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা জেলার আওতাধীন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরাও এই যৌথ সভায় উপস্থিত ছিলেন।
এ দিকে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তার ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।
রিজভী বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ ও চব্বিশের জুলাই- সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে। ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে তিনি জানান, এ সংগ্রামের অর্জিত গৌরব তাকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









