
নিজস্ব প্রতিবেদক
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ কর্মসূচির আওতায় এক কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের এ ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন (পুরনো বাণিজ্যমেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য অনুষ্ঠানে পাঁচজনকে পুরস্কার দেয়া হয়।
ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে। বক্তব্যে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, আমরা প্রায়ই বলি, রান্না একটি শিল্প। তবে এটি একই সাথে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সাথে যোগাযোগের একটি মাধ্যম। যেখানে প্রয়োজন, অনুরাগ, সৃজনশীলতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলা। আমরা রান্নায় আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার একটি অংশ যোগ করি।
রন্ধন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবু আবদুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেয়া হয়।
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসঙ্ঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, চার হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। তিনি বলেন, বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: শাহজামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









