যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারে ধ্বংস হচ্ছে জলজবৈচিত্র্য
ads

বগুড়া অফিস
মাছের প্রজনন কেন্দ্র নদীতে পড়েছে শকুনের থাবা। সাধারণত জাল দিয়ে মাছ ধরার নিয়ম থাকলেও একশ্রেণীর অতিলোভী ব্যক্তি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের ভয়ানক নেশায় মত্ত হয়েছেন। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা নিয়মিত নদী থেকে এভাবে মাছ শিকার করছেন। মাঝে মাঝে অভিযান চললেও তাদের থামানো যাচ্ছে না।
মৎস্য অধিদফতরের তথ্যমতে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যমুনা ও বাঙালি নদীতে ছোট-বড় মিলিয়ে মোট ৮৪৭ টন মাছ পাওয়া যায়। কিন্তু ২০২২ সালে সেই উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে ৫৮৭ টনে এসে ঠেকে। ২০২৪ সালে উৎপাদন হয় এরও অর্ধেক। দাঁড়ায় ২৮৮ টনে। ২০২৫ সালে ৩১৭.৭০ মেট্রিক টন মাছ পাওয়া যায় যমুনা থেকে। বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার ফলে দিন দিন নদী থেকে মাছ হারিয়ে যাচ্ছে। নিষিদ্ধ এই পদ্ধতিতে মুহূর্তেই নিস্তেজ হয়ে যাচ্ছে মাছ, নিঃশেষ হচ্ছে ডিম ও পোনা, ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য।
বৈদ্যুতিক শক উৎপাদনের জন্য জেলেরা ইজিবাইকে ব্যবহৃত ব্যাটারির সাথে একটি ইনভার্টার যুক্ত করে বিদ্যুৎপ্রবাহ তৈরি করেন। সেই ইনভার্টার থেকে দু’টি তার বের করে জালের সাথে যুক্ত করা হয়। পানিতে ৫ থেকে ৭ ফুট দূরত্বের মধ্যে থাকা মাছসহ সব ধরনের জলজপ্রাণী বৈদ্যুতিক শকে মারা যায়। এমনকি নির্দিষ্ট ওই গণ্ডির মধ্যে কোনো মানুষ পড়লেও প্রাণনাশের শঙ্কা থাকে। 
বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা তাদের দমন করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিতভাবেই এই ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহারের মাধ্যমে একদিকে মাছের বংশ বিস্তার পরিবেশের ক্ষতি করছে মৎস্য শিকারিরা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার জানান, চলতি বছর এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩২টি অভিযান পরিচালিত হয়েছে। পাঁচটি মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি ব্যাটারি ও ইনভার্টার জব্দ করে ধ্বংস করা হয়েছে। অসাধু মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার জানান, প্রশাসনের সহযোগিতায় যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারীদের দফায় দফায় অভিযান চালানো হয়। বৈদ্যুতিক শকের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। কিন্তু কোনোভাবেই তাদের নির্মূল করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।