
বিশেষ সংবাদদাতা
২০২৭ সালের প্রথম ছয় মাসের চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ¦ালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ বিপুল পরিমাণ তেল কিনতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় এ প্রক্রিয়ায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে।
গত বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ¦ালানি তেল আমদানি করা হবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটি প্যাকেজের অধীনে তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’। অবশিষ্ট একটি প্যাকেজে অকটেন সরবরাহ করবে ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’।
তেল আমদানির ভাগ ও প্যাকেজভিত্তিক বিবরণ
সরকার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী আমদানিকৃত মোট ৬ লাখ ২৫ হাজার টন জ¦ালানি তেলের মধ্যে রয়েছে এক লাখ ৫০ হাজার টন ডিজেল, তিন লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং এক লাখ ২৫ হাজার টন অকটেন।
প্যাকেজ পিজি-৩ : ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এতে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছে ১৬.৯৩ ডলার। ৩টি প্রতিষ্ঠানের দরপ্রস্তাবের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ট্রাফিগুরা।
প্যাকেজ পিজি-৪ : আরো ৯০ হাজার টন ডিজেল আমদানিতে খরচ হবে ১,৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭.৪৫ ডলার। ৫টি দরপ্রস্তাবের মধ্যে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে ট্রাফিগুরা।
প্যাকেজ পিজি-৫ : তিন লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩,৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। ব্যারেলপ্রতি প্রিমিয়াম ৬৯.৮২ ডলার। ৩টি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাব যাচাই শেষে ট্রাফিগুরাকেই সর্বনিম্ন দরদাতা নির্ধারণ করা হয়।
প্যাকেজ পিজি- ৬ : এক লাখ ২৫ হাজার টন অকটেন (গ্যাসোলিন ৯৫ আনলেডেড) আমদানিতে মোট ব্যয় হবে ২,১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে প্রতি ব্যারেলে ১৭.৩৬ ডলার। ৩টি প্রস্তাবের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে অকটেন সরবরাহের কাজ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।
অর্থায়ন ও কর পরিশোধ : বিপিসি সূত্রে জানানো হয়েছে, আমদানির এ অর্থ বিপিসির নিজস্ব বাজেট, তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য যাবতীয় শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর নির্ধারিত প্রচলিত আইন অনুসরণ করে বিপিসিকে পরিশোধ করতে হবে।
২০২৭ সালের দীর্ঘমেয়াদি পরিকল্পনা
উল্লেখ্য, দেশের চাহিদার মোট তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালের পুরো বছরে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং উন্মুক্ত দরপত্রে আরো ৩৩ লাখ ৩৫ হাজার টনসহ মোট ৬৬ লাখ ৭০ হাজার টন জ¦ালানি তেল আমদানির বৃহৎ পরিকল্পনা রয়েছে বিপিসির।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









