বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজতে ইসলাম
ads

নিজস্ব প্রতিবেদক 
পশ্চিমবঙ্গের ভোটচোর বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’-এর প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।  
গতকাল এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।   
হেফাজত নেতারা বলেন, যেখানে ভারতের পাপেট পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি, সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়; বরং জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে বলে আমরা মনে করি। সে কারণে পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে আমাদের হুমকি দেয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না; বরং এ দেশে ভারতের আর যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে ইনশা আল্লাহ।  
হেফাজত নেতারা বলেন, আজ বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। এই বাস্তবতা বদলে গেছে। ভারতের হুঁশে ফেরা উচিত। পাপেট হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে আমাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল আধিপত্যবাদী ভারত। এ ছাড়া মোদিবিরোধী আন্দোলনের শহীদরা ছাড়াও ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থীদের ওপর বিচারিক হত্যাকাণ্ড ঘটে। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা কর্মকর্তার পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও লেগে আছে ভারতের হাতে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ভারতকে একদিন শোধ করতে হবেই।  
তারা আরো বলেন, নিজের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ নির্লজ্জ ভারত বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ফেরি করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার প্রোপাগান্ডা-যুদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইতে ঈমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়, তা প্রমাণ করেছে। এ ছাড়া সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো আমাদের লড়াইয়ে ভ্রাতৃত্বের সাথে পাশে থাকবে বলে আমাদের বিশ্বাস।