ফটিকছড়িতে বিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রায়হানের ৬ সহযোগী আটক
ads

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের ধরতে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিদেশী পিস্তল, একনলা বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল ও দু’টি ম্যাগাজিন রয়েছে।
গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো: মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন  মো: এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো: সাইদুল ইসলাম সৌরভ (২১), মো: ইকতিয়ার ফরহাদ (২০), মো: মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মো: জাবেদ হোসেন।
পুলিশ জানায়, রায়হান ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন  এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। 
পুলিশ সুপার মো: মাসুদ আলমের তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: সিরাজুল ইসলামের নির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।