
২০২৩ সালের ঘটনা। বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে ফেবারিটের মর্যাদা নিয়েই ঢাকায় এসেছিল সিঙ্গাপুর নারী দল। জার্মান লিগে খেলা ফুটবলার ছিল। র্যাংকিংও ছিল আসিয়ান অঞ্চলের দেশটির পক্ষে। তবে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচেই সহজ জয় ছিল সাইফুল বারী টিটুর দলের। প্রথমটিতে ৮-০ এবং পরের ম্যাচে ৩-০তে জয়। এবার বাংলাদেশ দল র্যাংকিংয়ে এগিয়ে। মারিয়া মান্দারা আছেন ১০৬ এ। আর সিঙ্গাপুরের অবস্থান ১৪৭। ৪৬ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ এখন এশিয়ান কাপ ও এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। স্বাভাবিক ভাবেই ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দুই ফিফা প্রীতিম্যাচের আগেই এগিয়ে বাংলাদেশ। তবে এখন সিঙ্গাপুর দল বেশ শক্তিশালী। নারী দলের নতুন কোচ এরিখ মারে দুই দিন আগেই বলেছিলেন মোটেই সহজ হবে না সিঙ্গাপুরের বিপক্ষে জেতাটা। কাল তিনি অফিসিয়াল সংবাদ সম্মেলনে আরো তথ্য দেন, সিঙ্গাপুর দল এখন বিদেশী লিগে খেলা ফুটবলার নিয়ে তৈরি হচ্ছে। তাদের দলে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ড লিগে খেলা ফুটবলার। এরপরও আমরা এই দুই ম্যাচ জিতে আসতে চাই।
গত সাফ ফুটবল থেকেই বাংলাদেশ দলের নেতৃত্বে মারিয়া মান্দা। এই মিডফিল্ডার অবশ্য সিঙ্গাপুরের বিদেশী লিগে খেলা ফুটবলার নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে, ওদের দলে বিদেশী লিগে খেলা ফুটবলার আছে। এতে অবশ্যই তাদের দল শক্তিশালী হয়েছে। তবে আমরা সেই প্রস্তুতি নিয়েই যাচ্ছি। দুই ম্যাচ জিতেই ফিরতে চাই।
পিটার বাটলার পর্ব শেষ করে বাংলাদেশ নারী ফুটবল এখন ফরাসী কোচ এরিখ মারের অধীনে। আপাতত সিঙ্গাপুরের বিপক্ষে এই দুই ম্যাচের জন্যই তার সাথে চুক্তি। সিঙ্গাপুর মিশন সফল হলে হয়তো তিনি আফঈদা খন্দকার প্রান্তি, ঋতুপর্না চামকাদের আরো লম্বা সময়ের জন্য দায়িত্বে থাকবেন। ইংল্যান্ডে অবস্থানরত কোচ বাটলার ক্যান্সার থেকে মুক্তি পেতে চিকিৎসা নিচ্ছেন।
আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া, গিনি, গিনি বিসাউসহ অন্যান্য দেশে কাজ করার অভিজ্ঞতা এরিখের। লম্বা চুলের এই কোচ আফ্রিকান ফুটবলারদের সাথে বাংলাদেশের ফুটবলারদের তুলনায় গিয়ে বলেন, আফ্রিকান নারী ফুটবলাররা দীর্ঘদেহী। শক্তিশালীও। আর বাংলাদেশ দলের ফুটবলাররা টেকনিক্যালি ভালো। স্কিলও উন্নত মানের। পাসিং এবং সেন্সও চমৎকার। তাই আমরা পূর্ণ বিশ^াস আছে দুই ম্যাচ জিতে আসার।
ব্রিটিশ কোচ বাটলার হাই লাইন ডিফেন্স কৌশলে দলকে খেলাতেন। এরিখও সেই পথেই হাঁটতে চান। জানান, আমি দুই সপ্তাহ হলো এই দলের দায়িত্ব নিয়েছি। এই অল্প সময়ের মধ্যে আমার পক্ষে দলের খেলার কৌশলে পরিবর্তন আনা সম্ভব নয়। সে কাজও আমি করছি না। এবারের বাংলাদেশ দলে তিন নতুন মুখ। গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি, ডিফেন্ডার আইরিন খাতুন এবং মিডফিল্ডার সিনহা জাহান শিখা। জাতীয় দলে ফিরে এসেছেন ফরোয়ার্ড আলপি আক্তার ও মিডফিল্ডার স্বপ্না রানী। বাংলাদেশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী দলের সাথে যোগ দিয়েছেন ১৯ নভেম্বর।
বাংলাদেশের ফুটবলে চলতি বছরটা গেছে মোটামুটি ব্যর্থতায়। অনূর্ধ্ব-২০ পুরুষ দলের মালদ্বীপের মাঠে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনো অর্জনই নেই। সর্বশেষ সাফ ফুটবলে ফাইনালে উঠতে পারেনি পুরুষ ফুটবল দল। নারী দলও সব আসরে ব্যর্থ। এখন মারিয়া মান্দারা যদি সিঙ্গাপুরে দুই ম্যাচ জিতে আসতে পারে তাহলে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ দু’টি জয়ে শেষ করা যাবে।
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি, শামসুন্নাহার সিনিয়র, সুরভী আক্তার আফরিন, আফঈদা খন্দকার প্রান্তি, শিউলী আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, আইরিন খাতুন, ঋতুপর্না চাকমা, শাহেদা আক্তার রিপা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আনিকা রানিয়া সিদ্দিকী, মোমিতা খাতুন, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মৎ সাগরিকা, আইরিন খাতুন জুনিয়র, স্বপ্না রানী, আলপি আক্তার ও সিনহা জাহান শিখা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









