টাকা থাকলে ভালো খাবার খাই
ভারোত্তোলনে স্বর্ণজয়ী সীমা রায় ও অনন্যা রায় : নয়া দিগন্ত।
ads

রফিকুল হায়দার ফরহাদ
পল্টন ময়দানের রোলার স্কেটিং কমপ্লেক্সে চলছে আন্তঃকাব ভারোত্তোলন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২০টি কাব অংশ নিচ্ছে এই আসরে। বেশ কয়েকটি স্বর্ণের ফয়সালা হয়েছে গতকাল। এর মধ্যে নারীদের ৫৩ কেজিতে সীমা রায় এবং ৪৯ কেজিতে অনন্যা রায় স্বর্ণ জিতেছেন। দুইজনই দিনাজপুরের মডার্ন বডিবিল্ডিং কাব থেকে খেলেছেন। এবারই তাদের ঢাকায় এসে খেলা নয়। আরো আগেও এসেছেন। পদকও জেতার ঘটনা আছে একাধিক। এর মধ্যে অনন্যা রায় গত জাতীয় ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন আনসারের ভাতা প্রাপ্ত প্রতিপক্ষকে হারিয়ে।
শক্তিশালী মানুষদের জন্যই ভারোত্তোলন খেলা। অলিম্পিক গেমসে যে ভারোত্তোলক সবচেয়ে বেশি ওজন শ্রেণীতে স্বর্ণজয় করেন তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয়। এই শক্তির জন্য প্রচুর খাবার খেতে হয়। সবই পুষ্টিকর খাবার। তবে বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে উঠে আসা নারী বা পুরুষ কোনো ভারোত্তোলকদেরই সেভাবে উন্নত খাবার খাওয়া হয় না। গরিব ঘরে যা খাবার জোটে তা দিয়েই উদরপূর্তি। স্বর্ণ জেতা সীমা রায় ও অনন্যা রায় উভয়ই দিনাজপুরের কৃষক বাবার সন্তান। তাই আফসোস নিয়েই সীমা ও অনন্যা জানান, ‘ভারোত্তোলন অনুশীলন করার পর বাসায় ফিরে যে ধরনের খাবার আমাদের খেতে হয় তা কিন্তু সব সময় জোটে না। যে দিন হাতে টাকা থাকে সেদিন ভালো খাই। যখন টাকা থাকে না তখন সাধারণ খাবার খেয়েই দিন পার করতে হয়।’
আগেই ঢাকায় ভারোত্তোলনের  বিভিন্ন আসরে স্বর্ণ জয়ের কৃতিত্ব আছে দু’জনেরই। অনন্যা তথ্য দেন, ‘জুনিয়র ও সিনিয়র মিলে আমার পাঁচটির মতো স্বর্ণ আছে।’ সীমা অবশ্য জাতীয় সিনিয়র ভারোত্তোলনে এখন পর্যন্ত স্বর্ণ জিততে পারেননি। তবে জুনিয়র ও কাব প্রতিযোগিতা মিলে তার গলায় তোলা চার-পাঁচটির মতো স্বর্ণ।
এত অর্জনের পর এখন তারা যেকোনো বাহিনীতে চাকরির চান। অবশ্য অফারও  পেয়েছেন তারা। বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে বলে জানান দু’জনই। উল্লেখ করেন, সেনাবাহিনীতে চাকরি হলে তখন নিয়মিত ভালো খাবার খেতে পারব।
অনন্যার বড় বোন সুমনা রায় অবশ্য এই ভারোত্তোলন খেলেই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন। জানান, ‘আপুর ওই চাকরি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করছে ভারোত্তোলেন ভালো করার জন্য।’ সীমা ভারোত্তোলনে এসেছেন রাসেল নামের এক বড় ভাইয়ের ভারোত্তোলন দেখে।
এসএ গেমসের টানা তিন আসরে বাংলাদেশ স্বর্ণ জিতেছে। ২০১০ সালে হামিদুল ইসলাম এবং ২০১৬ ও ২০১৯ সালে মাবিয়া আক্তার সীমান্ত স্বর্ণজয় করেন এসএ গেমসে। সীমা এবং অনন্যারও স্বপ্ন মাবিয়ার মতো দেশকে আন্তর্জাতিক আসর থেকে স্বর্ণ এনে দেয়া।
গ্রামে থাকার সময় সীমা এবং অনন্যা দু’জনই বাবাকে কৃষি কাজে সহায়তা করেন। মজা করেই বললেন, ‘বাবাকে ধান কাটতে সহায়তা করি। ধান কাটার পর সেই বোঝা মাথায় তোলাটা আমাদের জন্য খুবই সহজ জয়। ভারোত্তোলনেন অনুশীলনের কারণে ওই ওজন কোনো ভারীই মনে হয় না।’