কিশোরগঞ্জে ছিনতাই-ডাকাতির অভিনব ফাঁদ!
ads

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কখনো সেলফি তোলার অজুহাতে, কখনো ভাড়ার প্রলোভনে, আবার কখনো অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘটিত হচ্ছে ছিনতাই, মোটরসাইকেল ও অটোরিকশা চুরির ঘটনা। বিশেষ করে নিকলী, বাজিতপুর, করিমগঞ্জ ও ইটনার হাওরাঞ্চলের নির্জন সড়কে সঙ্ঘবদ্ধ চক্রের তৎপরতায় জনমনে আতঙ্ক বাড়ছে।
গত ২১ নভেম্বর করিমগঞ্জ ও নিকলীর মধ্যবর্তী নলী ব্রিজ এলাকায় মাত্র চার ঘণ্টার ব্যবধানে দু’টি ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ২০০ টাকা ভাড়ার প্রলোভনে মোটরসাইকেল চালক কামাল হোসেনকে মরিচখালী যাওয়ার কথা বলে পথে নিয়ে যায় এক তরুণ। পূর্ব খয়রাত এলাকায় প্রস্রাব করতে নামলে তার ১০০ সিসির ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
একই দিন রাত ৮টার দিকে নলী ব্রিজ এলাকায় সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য শোভন আহমেদের মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। তার অভিযোগ, দুই তরুণী সেলফি তোলার অজুহাতে পথ আটকানোর পর ১৬-১৭ জনের একটি দল তাকে মারধর করে। রড দিয়ে হাত-পায়ে আঘাত করার পাশাপাশি পিস্তল তাক করে এক লাখ টাকা দাবি করে তারা। সাথে থাকা ১৮ হাজার টাকা দিয়েও রেহাই পাননি তিনি। প্রাণ বাঁচাতে হাওরের কাদাপথ পেরিয়ে একটি পেট্রল পাম্পে আশ্রয় নেন তিনি।
এ দিকে বাজিতপুরের কুতুবপুরের অটোরিকশাচালক জাহাঙ্গীরকে ভাড়ার প্রলোভনে কটিয়াদীর ভাট্রা এলাকায় নিয়ে অজ্ঞান করে গাড়ি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তিন দিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
অন্য দিকে ২৩ নভেম্বর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার এবং সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। ইটনায় ১২ নভেম্বর ডাকাতির প্রস্তুতির অভিযোগে দু’টি রামদা ও একটি ছুরিসহ ১৭ মামলার আসামি হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, নলী ব্রিজসহ হাওরাঞ্চলের নির্জন সড়কে নিয়মিত ছিনতাই ও দস্যুতার ঘটনা ঘটছে। মাদককেও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা।
নিকলী থানার ওসি মোহাম্মদ ইস্তেয়াক আহম্মেদ বলেন, মাদক, চুরি ও ছিনতাই নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। আগের তুলনায় অপরাধ কমেছে বলেও দাবি করেন তিনি।

তবে হাওরাঞ্চলের নির্জন সড়কে নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।