
রাজশাহী ব্যুরো
নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন ও নাব্যতা সঙ্কট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী জেলা শাখা। গত বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, শুষ্ক মৌসুমে পানির সঙ্কট, নদী দখল, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ এবং নদীভাঙন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। রাজশাহীর পদ্মা নদী এসব সমস্যার অন্যতম বাস্তব উদাহরণ। ১৭ দফা দাবির মধ্যে রয়েছে নদী রায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সমন্বয়ে কার্যকর কমিটি গঠন, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু রাখা, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত নদীর তীর পরিদর্শন। পাশাপাশি পরিকল্পিত নদী খনন, ড্রেজিং, মৃত নদী ও খাল পুনঃখনন এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবি জানানো হয়েছে। এ ছাড়া নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার, নৌযান চলাচলের উপযোগী সেতু নির্মাণ, নদীতীরে সবুজ বেষ্টনী এবং জলজ প্রাণীর অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়।
স্মারকলিপিতে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে। পাশাপাশি নদী রায় জনসচেতনতা বৃদ্ধি, পাঠ্যপুস্তকে নদীবিষয়ক বিষয় অন্তর্ভুক্তি, জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









