ইসরাইলের পারমাণবিক ভাণ্ডার ও উৎপাদন সমতা নিয়ে নতুন তথ্য
ads

পারমাণবিক অস্ত্রের মজুদ নিয়ে কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রেখেছে ইসরাইল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, দেশটির অস্ত্রভাণ্ডারে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। একই সাথে ইসরাইলের কাছে মজুদ থাকা প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে আরো ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে।
সম্প্রতি ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রে বড় ধরনের নির্মাণকাজের তথ্য প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) সাম্প্রতিক এক গবেষণায় ইসরাইলের ভাণ্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড থাকার পাশাপাশি দেশটির পারমাণবিক অবকাঠামোতে নিয়মিত বিনিয়োগের ইঙ্গিত দেয়া হয়েছে। বিশেষ করে ডিমোনা কেন্দ্রের সম্প্রসারণ ও চলমান নির্মাণকাজ গবেষকদের নজরে এসেছে। তবে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এসব কর্মকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে সতর্ক করেছেন তারা। অনুরূপ তথ্য পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আরেক গবেষণা সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের প্রতিবেদনে। গত ১০ নভেম্বর প্রকাশিত ওই মূল্যায়নে বলা হয়েছে, ইসরাইলের হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা পাঁচ বছর আগের হিসাবের সমান। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ইসরাইল এখনো প্লুটোনিয়াম মজুদ করে চলেছে এবং দেশটির কাছে সর্বোচ্চ এক হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে।
বিশেষজ্ঞদের হিসাব মতে, বোমার নকশা ও প্রযুক্তিগত কাঠামো সাপেে এই পরিমাণ প্লুটোনিয়াম ব্যবহার করে তাত্ত্বিকভাবে আরো ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। প্রতিবেদনে ব্যাখ্যা দেয়া হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এই সংখ্যায় পৌঁছানো যেতে পারে। এ দিকে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের মূল্যায়নেও বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় ইসরাইলের নাম অন্তর্ভুক্ত রয়েছে। ইসরাইলের এই পারমাণবিক সমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যেও স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠি পাঠান। মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইসরাইলের পারমাণবিক কর্মসূচিতে আরো স্বচ্ছতা আনার আহ্বান জানানো হয় ওই চিঠিতে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের পর বিষয়টি আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে তারা মনে করেন।