
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ফেরার ঘোষণা দিয়ে অনলাইন মিডিয়ায় গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ‘দীর্ঘ যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট হলো জাতীয়তাবাদী সমমনা জোট। একটি দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য সরকারি দল ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বর্তমান বিরোধী দল সাত মাস পার হতে না হতেই লং মার্চের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এই সুযোগে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও শুরু করেছে। এমনকি দেশে ফেরার ঘোষণা দিয়ে অনলাইন মিডিয়ায় গুজব ছড়াচ্ছে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।
আলোচনা সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান বলেন, ‘বিরোধী দলের উচিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করা।’
জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত বলেন, ‘একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠন করতে বিরোধী দলের দায়িত্ব অপরিসীম। উন্নত দেশের ন্যায় বিরোধী দল ছায়া সরকার গঠন করে সরকারের ভুল-ভ্রান্তি ধরিয়ে দিতে পারে। একই সাথে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পরামর্শ দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণদলের চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ।
এছাড়াও এনডিপি মহাসচিব জামিল আহম্মেদ, গণদলের মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান, এনপিপি মহাসচিব জহির হোসেন এবং ডিএলের সহ-সভাপতি মাহবুব আলমসহ জোটের অন্য নেতারা বক্তব্য রাখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









