
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত
- একনেকে ২৪ হাজার কোটির ১০ প্রকল্প অনুমোদন
- ৪ সংশোধিত প্রকল্পে ব্যয় বাড়ছে ৫৫৪৮ কোটি টাকা
উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ানোর পুরনো প্রবণতা থেকে বের হতে পারছে না সরকার। আগের সরকারের আমলে গড়ে ওঠা এই ধারা এবারো অব্যাহত রয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে পাঁচটি নতুন প্রকল্প; চারটি আগের অনুমোদিত প্রকল্পের সংশোধিত প্রস্তাব। এসব সংশোধিত প্রকল্পে আগের অনুমোদিত ব্যয়ের তুলনায় নতুন করে বাড়ছে পাঁচ হাজার ৫৪৮ কোটি ৪৯ লাখ টাকা। কোনো প্রকল্পে ব্যয় বাড়ছে এক হাজার কোটি টাকার বেশি, আবার কোনোটি মূল অনুমোদিত ব্যয়ের প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। এ ছাড়া একটি প্রকল্পের মেয়াদ চতুর্থবার বাড়ানো হয়েছে, যদিও ব্যয় বাড়ছে না।
বাংলাদেশ সচিবালয়ে গতকাল প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম এবং বর্তমান সরকারের ১৩তম একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা কমিশনে ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে আট হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে দুই হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা আসবে।
চার প্রকল্পে ব্যয় বৃদ্ধি : একনেকের কার্যপত্র অনুযায়ী, সংশোধিত চার প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় বাড়ছে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে। চতুর্থ সংশোধনে প্রকল্পটির ব্যয় বাড়ছে এক হাজার ৮৪৩ কোটি ৩৯ লাখ টাকা। মূল অনুমোদিত ব্যয় ছিল তিন হাজার ৩৪৭ কোটি ২৩ লাখ টাকা। তৃতীয় সংশোধনে তা বেড়ে পাঁচ হাজার ১০৪ কোটি ৭৪ লাখ টাকা হয়। এবার মোট ব্যয় নির্ধারণ করা হচ্ছে ছয় হাজার ৯৪৮ কোটি ১৩ লাখ টাকা। মূল অনুমোদনের তুলনায় ব্যয় বৃদ্ধির হার প্রায় ১০৭ দশমিক ৬ শতাংশ।
নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় সংশোধনে ব্যয় বাড়ছে দুই হাজার ৫০ কোটি টাকা। প্রকল্পটির মূল ব্যয় ছিল দুই হাজার ৬৫০ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে তা দাঁড়াচ্ছে চার হাজার ৭০০ কোটি টাকা, যা মূল ব্যয়ের তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি।
আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ব্যয় বাড়ছে এক হাজার ৯৯ কোটি ২২ লাখ টাকা। মূল অনুমোদিত ব্যয় দুই হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা থেকে প্রথম সংশোধনে বেড়ে তিন হাজার ৪৩৩ কোটি টাকা হয়েছিল। এবার মোট ব্যয় নির্ধারণ করা হচ্ছে চার হাজার ৫৩২ কোটি ২৩ লাখ টাকা।
যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনেও ব্যয় বাড়ছে ৫৫৫ কোটি ৮৮ লাখ টাকা। মূল ব্যয় ছিল দুই হাজার ১০৩ কোটি ৩২ লাখ টাকা। প্রথম সংশোধনে তা তিন হাজার ৪১৫ কোটি ৭৬ লাখ টাকা হয়। এবার মোট ব্যয় দাঁড়াচ্ছে তিন হাজার ৯৭১ কোটি ৬৩ লাখ টাকা। চার প্রকল্পে নতুন করে যুক্ত হচ্ছে মোট পাঁচ হাজার ৫৪৮ কোটি ৪৯ লাখ টাকা।
নতুন পাঁচ প্রকল্প : নতুন পাঁচ প্রকল্পের মধ্যে সবচেয়ে বড়টি পল্লী বিদ্যুতের বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি-সংক্রান্ত। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য নেয়া প্রকল্পে ব্যয় হবে আট হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ২৮২ কোটি ৮৪ লাখ, প্রকল্প ঋণ ছয় হাজার ৪৮৯ কোটি ২০ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন এক হাজার ২০৭ কোটি ৩২ লাখ টাকা।
ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে আরেকটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি সাত লাখ টাকা। এতে সরকারের অর্থায়ন ৯৬২ কোটি ৯৩ লাখ, প্রকল্প ঋণ দুই হাজার ৪৫৫ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন এক হাজার ১৮৩ কোটি ১৪ লাখ টাকা।
পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এক হাজার ৭৯০ কোটি ৭৫ লাখ টাকা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উন্নয়নে দুই হাজার ৫০০ কোটি টাকার আরো দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। দুটির অর্থায়নই হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
এ ছাড়া কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসনে ৬৯০ কোটি ৯৭ লাখ টাকার প্রকল্প নেয়া হয়েছে। এর আওতায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটির অর্থায়নও পুরোপুরি সরকারি। পাঁচ নতুন প্রকল্পের মোট ব্যয় ১৮ হাজার ৫৬২ কোটি ১৭ লাখ টাকা।
ঋণনির্ভরতা ও মেয়াদ বৃদ্ধি : অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নে প্রকল্প ঋণ থেকে আসবে আট হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা, যা মোট অর্থায়নের প্রায় ৩৭ শতাংশ। সরকারের নিজস্ব অর্থায়ন প্রায় ৫৩ শতাংশ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ১০ শতাংশ। বিশেষ করে পল্লী বিদ্যুতের বিতরণব্যবস্থা আধুনিকায়নের দু’টি প্রকল্পে ঋণের পরিমাণ বেশি।
ব্যয় বাড়ানোর পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার চিত্রও উঠে এসেছে একনেকের কার্যপত্রে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চরফ্যাসন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবার বাড়ানো হয়েছে। এবার শুধু মেয়াদ বাড়ানো হয়েছে, নতুন করে ব্যয় অনুমোদন করা হয়নি।
এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়। পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে এসব প্রকল্প অনুমোদন দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি), কেন্দ্রীয় প্যাকিং হাউজের উদ্ভিদ সঙ্গনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপপদ্ধতির উন্নয়ন প্রকল্প। এ ছাড়া রয়েছে ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









