
- প্রমাণের অভাবে টিকছে না রাজনৈতিক সহিংসতার মামলা
- তদন্তে মানি ট্রেইল না থাকায় ধরাছোঁয়ার বাইরে অর্থদাতারা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা, গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই শুরু হয় আইনি তৎপরতা। ঘটনার পরপরই থানায় দায়ের হয় একের পর এক মামলা, চালানো হয় সাঁড়াশি অভিযান এবং গ্রেফতার হয় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। কিন্তু সময় গড়ালে দেখা যায়, তদন্তের গতি ধীর হয়ে পড়ছে, চার্জশিট দিতে গড়াচ্ছে বছরের পর বছর এবং চূড়ান্ত বিচারিক ধাপে পৌঁছানোর আগেই প্রমাণের অভাবে ভেস্তে যাচ্ছে মামলা। ককটেল নিক্ষেপ করা কিংবা যানবাহনে আগুন দেয়া মাঠপর্যায়ের ভাড়াটে অপরাধীরা কখনো কখনো গ্রেফতার হলেও যে শীর্ষ নেতাদের ইশারায় ও অর্থায়নে এসব পরিচালিত হয় তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
আইনি প্রক্রিয়ার ধারাগুলো লক্ষ্য করলে দেখা যায়, সাম্প্রতিক সহিংসতায় ৫৫০টিরও বেশি মামলা দায়ের হয়েছে এবং ১২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এজাহারে শত শত ‘অজ্ঞাতনামা’ আসামি থাকায় এবং গণগ্রেফতার চালানো সত্ত্বেও নেপথ্যের মূল অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে।
দাখিলকৃত চার্জশিটের হার বিশ্লেষণ করলে দেখা যায়, মোট মামলার প্রায় ৬৫ শতাংশে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে পারলেও তাতে ফরেনসিক আলামত ও প্রমাণের মারাত্মক ঘাটতি থাকে। ফলে আদালত পর্যন্ত গড়ালেও চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ায় সাজা পাওয়ার হার নামমাত্র- ৫ শতাংশের নিচে। সাক্ষী উপস্থিত না হওয়া এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে অধিকাংশ আসামি খালাস পেয়ে যায়।
টিআইবির এক গবেষণায় দেখা যায়, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক হাজার ৭৮৫টি মামলার মধ্যে ৮৩৭টি হত্যা মামলার মাত্র সাত দশমিক সাত শতাংশে (৩১টি) চার্জশিট দেয়া সম্ভব হয়েছে। আইনজ্ঞদের মতে, রাজনৈতিক সহিংসতার মামলাগুলোর ৯০ শতাংশের বেশি বছরের পর বছর আদালতে ঝুলে থাকে এবং বিচার নিষ্পত্তির ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রেই সাক্ষীর অভাব ও দুর্বল তদন্তের কারণে আসামিরা ছাড়া পেয়ে যায়।
অনুসন্ধানে উঠে এসেছে, নাশকতা বাস্তবায়নকারী ও নেপথ্য পরিকল্পনাকারীদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ রাখা হয় না। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘গিগ সন্ত্রাস’-যেখানে নির্দিষ্ট শর্তে চুক্তিভিত্তিক ও বিচ্ছিন্ন মাধ্যমে অপরাধ সম্পন্ন করা হয়। এই গিগ সন্ত্রাসের মূল ধাপে বিদেশে অবস্থানরত বা আত্মগোপনে থাকা নির্দেশদাতারা বিদেশী নম্বরে নিবন্ধিত হোয়াটসঅ্যাপ ও এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে বার্তা পাঠায়। এরপর মাঝের কিছু ‘কাটআউট’ বা মাধ্যম ব্যক্তি বিস্ফোরক এবং টাকার লেনদেন নিয়ন্ত্রণ করে, যাতে মূল নির্দেশদাতার নাম গোপন থাকে। মাঠপর্যায়ে মাত্র দুই হাজার থেকে দশ হাজার টাকার চুক্তিতে ভাসমান যুবক বা নি¤œ আয়ের মানুষকে দিয়ে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেয়ার কাজ করানো হয়। অপরাধটি সম্পন্ন করে সেই দৃশ্যের ভিডিও বা ছবি এনক্রিপ্টেড অ্যাপে পাঠানোর পর নিশ্চিত হয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পারিশ্রমিক পরিশোধ করা হয়। পুলিশি তদন্তে হাতেনাতে ধরা পড়া এই ভাড়াটে কর্মীদের গ্রেফতার করা হলেও অর্থের মূল উৎস বা মানি ট্রেইল অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ না থাকায় নেপথ্যের অর্থদাতারা সবসময় আড়ালেই থেকে যান।
টিআইবির হিসাব অনুযায়ী, জুলাই-পরবর্তী মামলাগুলোতে প্রায় দেড় লাখ মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এক মামলায় দুই থেকে তিন শত অজ্ঞাতনামা আসামি রাখার সুযোগে মাঠপর্যায়ে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ উঠে। মানিকগঞ্জে বাসে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আটক ১৯ জনের মধ্যে তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় আটজনকে পরে ছেড়ে দিতে হয়েছে।
আইন মন্ত্রণালয়ের তথ্যে উঠে এসেছে, অতীতে দায়ের হওয়া ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যায়ক্রমে প্রত্যাহারের তালিকায় রয়েছে। ঢালাও আসামি করার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং মামলার আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উপাত্ত অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে দেশজুড়ে মোট এক হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব সঙ্ঘাতময় ঘটনায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ছয় হাজার ৪৭৩ জন। কেবল ২০২৬ সালের অক্টোবর মাসেই ৭০টির বেশি সহিংসতার ঘটনা ঘটে, যাতে ১২ জন নিহত এবং ৩৩৪ জন গুরুতর আহত হন।
নভেম্বরের মধ্যভাগে নাশকতার মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সারা দেশে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময়ে পুলিশের চারটি স্থাপনায় আগুন দেয়ার পাশাপাশি ২৮টি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) তথ্যমতে, নভেম্বরের প্রথম ১৬ দিনে কেবল রাজধানীতেই ৮৫টি ককটেল বিস্ফোরণ ঘটে, যার বিপরীতে ৭৯টি মামলায় ১৩০ জনকে গ্রেফতার ও ৫২টি ককটেল উদ্ধার করা হয়।
সামগ্রিক পর্যালোচনায় দেখা যায়, সাম্প্রতিক সময়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিভিন্ন মাধ্যমে সংঘটিত অন্তত ৪২০টি রাজনৈতিক সঙ্ঘাতের ঘটনায় ৪৮ জন নিহত ও সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দেশের অন্তত ২৮৫টি স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এতে ভস্মীভূত হয়েছে ২৪০টি যানবাহন। এমনকি ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের অনেক শাখায় হামলার ঘটনাও ঘটে।
পরিবহন মালিক সমিতি ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি যানবাহন ও স্থাপনা ধ্বংসের ফলে প্রত্যক্ষ আর্থিক ক্ষতি প্রায় এক হাজার ২০০ কোটি টাকা এবং সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরোক্ষ ক্ষতি কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
অন্যদিকে গোয়েন্দা তথ্য মতে, সহিংসতায় ব্যবহৃত ককটেল ও পেট্রলবোমার মূল কাঁচামাল এবং অস্ত্র সরবরাহের পেছনে কাজ করছে একটি সুসংগঠিত চক্র। তারা মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, কানাইঘাট ও টেকনাফ সীমান্ত দিয়ে ভারতে তৈরি বা চোরাইপথে আসা গানপাউডার, ডেটোনেটর ও বিস্ফোরক কাঁচামাল দেশে প্রবেশ করছে। তারপর এগুলো ঢাকার জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর, টঙ্গী, সাভার ও আশুলিয়ার নির্জন এলাকায় গোপন আস্তানায় ককটেল ও বিস্ফোরক তৈরির কারিগররা কাজ করছে। সম্প্রতি ঢাকার মিরপুরে দুই দশমিক ২৯ কেজি গানপাউডারসহ তিনজনকে এবং টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে শতাধিক আইইডি ও আগ্নেয়াস্ত্র জব্দ করেছে। তাছাড়া রাজধানীর কুড়িল, রামপুরা, বাড্ডা, বছিলা ও মিরপুরের বিভিন্ন স্থানে বোতলে করে খোলাবাজারে পেট্রল ও অকটেন অনিয়ন্ত্রিতভাবে বিক্রি হওয়ায় দুষ্কৃতকারীরা সহজেই দাহ্য পদার্থ সংগ্রহ করতে পারছে।
এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা নয়া দিগন্তকে বলেন, পেট্রল ও অকটেনের অনিয়ন্ত্রিত উন্মুক্ত বিক্রি বন্ধ করতে হবে। সেই সাথে নাশকতায় যারা মাঠের কর্মী আর যারা অর্থদাতা-তাদের পৃথকভাবে শনাক্ত করে বিএফআইইউ ও সিআইডির মাধ্যমে অর্থের গতিপথ ট্র্যাক করতে হবে। থানায় গণহারে মামলা নেয়া উচিত নয়, আর থানা যদি মামলা নেয়ও তবে কোনো এভিডেন্স না থাকলে প্রমাণের অভাবে কোর্ট সেই সব মামলায় জামিন দেয়ার পূর্ণ এখতিয়ার রাখে। কোনো তথ্য-প্রমাণ না থাকলে আইনি দৃষ্টিতে এই ধরনের গণমামলার আসলে কোনো গুরুত্ব নেই।
রাজনৈতিক সহিংসতা ও অপরাধের নেপথ্য কারণ প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় অপরাধীদের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে হবে। যখন তারা সেটি পারে না, তখনই আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন জায়গায় ঘাটতি ফুটে ওঠে। এই ধরনের সহিংসতা ও নাশকতার পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে যারা ক্ষমতায় যেতে চায় তারা যেমন ডেসপারেট হয়ে এসব কর্মকাণ্ড করায়, তেমনি যারা ক্ষমতায় থাকে তাদেরও ক্ষমতায় টিকে থাকার নিজস্ব কারণ থাকে। আমাদের দেশে প্রয়োজনীয় আইন-কানুন বিদ্যমান রয়েছে, কিন্তু সমস্যা হলো সেগুলোর সঠিক প্রয়োগ নেই এবং সাধারণ মানুষেরও এসব আইন সম্পর্কে পর্যাপ্ত জানা নেই।
গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অপ্রয়োজনীয় ছোটাছুটি না করে অত্যন্ত সাবধানে ও সন্তর্পণে সুনির্দিষ্ট গোয়েন্দা খবর জোগাড় করতে হবে, কারণ সঠিক খবর পাওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান বা অ্যাকশন নিতে হবে। বাংলাদেশ অতীতে এর চেয়েও বড় বড় সঙ্কট সাফল্যের সাথে পার হয়ে এসেছে; কাজটি কঠিন হলেও অতীতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন তা মোকাবেলা করেছে, সঠিক তথ্য থাকলে এখনো এগুলো নিয়ন্ত্রণ করা খুব একটা কঠিন হবে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









