ফ্যাসিবাদীরা চাইলেই দেশে ফিরে রাজনীতি করতে পারবে না : ডা. শফিক
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান দলের নেতারা : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেড় যুগ ধরে যে ফ্যাসিবাদীরা মানুষের ওপর তাণ্ডব চালিয়েছে, মানুষের জীবনমান কেড়ে নিয়েছে। তারা চাইলেই সহজে বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ পাবে না। যে যুবকরা অতিষ্ঠ হয়ে তাদের বিতাড়িত করতে বাধ্য হয়েছে। সেই যুবকরা ও সেই জনগণ এখনো প্রস্তুত আছে। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নামলে ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নেতারা তাকে ফুলেল সংবর্ধনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো: সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। 
ডা. শফিকুর রহমান বলেন, অস্ট্রেলিয়ায় নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি। সেখানে প্রবাসীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে। সেখানে প্রবাসীরা দেশকে নিয়ে কী ভাবছেন তা জানা এবং তাদের কষ্টের কথা জানার চেষ্টা করেছি। তারাও মন খুলে কথা বলেছেন। 
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সম্প্রতি গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটেছে, তারা নড়াইলসহ বিভিন্ন স্থানে তিনজনকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে। তাতে বোঝা যায় তাদের রক্তের নেশা মেটেনি। এভাবে মাফিয়াগিরি করে তারা দেশে ফিরতে পারবে না। রাজনীতি করেই তাদের রাজনীতিতে ফিরতে হবে। তা ছাড়া যখন বিচারপ্রক্রিয়া চলছিল তখন তিনি এসে তাতে অংশ নিতে পারতেন; কিন্তু তিনি তখন কেন আসেননি? তার মানে তিনি আইনের শাসনে বিশ্বাস করেন না। 
বিরোধীদলীয় নেতা বলেন, যে যুবসমাজ ও সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে তাদের বিতাড়িত করতে বাধ্য হয়েছে, সেই যুবকরা এখনো প্রস্তুত আছে, জনগণ প্রস্তুত আছে। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। 
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক চায়ের দাওয়াতে গিয়েছিলাম। সেখানে আলোচনাকালে প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আহ্বান জানান। আমিও দেশের জনগণের স্বার্থে ঐক্যের পক্ষে কথা বলেছি। তারপরই সংসদে প্রধানমন্ত্রী ঐক্যের পক্ষে বক্তব্য রেখেছেন। আমিও সংসদে ঐক্যের বিষয়টি তুলে ধরেছি। বিরোধীদলীয় নেতা বলেন, আমরা ঐক্যের আহবানকে সম্মান করি। কিন্তু এটা ক্ষণস্থায়ী হলে হবে না, টেকসই হতে হবে। গণভোটের গণরায়, জুলাই সনদ নিয়ে যা করা হয়েছে তা আগে ঠিক করতে হবে। 
অস্ট্রেলিয়া সফর ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে : গোলাম পরওয়ার 
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফরকালে নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন।
বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় আমিরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।
তিনি আরো বলেন, বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমির তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।