
কুমিল্লা প্রতিনিধি
দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শাখা। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর চকবাজার বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে সমাবেশ করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে কোনো টালবাহানা ছাড়াই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন- ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান। সমাবেশ পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান খান মাসুম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









