
- লোকসানি কারখানার জন্য এক্সিট নীতিমালা প্রণয়নের আহ্বান
- বছরে একবার মজুরি পর্যালোচনা ও উৎপাদন ব্যয় কমানোর প্রস্তাব
পোশাকশিল্পে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও টিকে থাকা নিয়ে নতুন করে নীতিগত উদ্যোগের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ, শিল্পমালিক ও শ্রম অধিকারকর্মীরা। তাদের মতে, বর্তমান মজুরি সঙ্কটকে কেবল মালিক-শ্রমিক দ্বন্দ্ব হিসেবে দেখলে সমাধান মিলবে না। রফতানি বাজার, পণ্যের মূল্য, উৎপাদন ব্যয়, বিনিময় হার, মূল্যস্ফীতি ও ব্যাংকিং ব্যবস্থার জটিলতা বিবেচনায় নিয়ে সরকারকে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
একই সাথে দীর্ঘদিন লোকসানে থাকা এবং টিকে থাকার সক্ষমতা হারানো ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্য আইনসম্মত ও সুশৃঙ্খলভাবে ব্যবসা থেকে বেরিয়ে আসার সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন তারা। এ জন্য একটি কার্যকর ‘এক্সিট পলিসি’ বা ব্যবসা থেকে প্রস্থান নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন আলোচকেরা।
গতকাল (বুধবার) রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনে ‘পোশাক খাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা : ভারসাম্য কোথায়, সমাধান কী’ শীর্ষক সংলাপে এসব প্রস্তাব উঠে আসে। সংস্কারমুখী নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম আয়োজিত এ সংলাপে অর্থনীতিবিদ, পোশাকশিল্পের উদ্যোক্তা ও শ্রম অধিকারকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর।
সংলাপে বক্তারা বলেন, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সময় মজুরি বৃদ্ধির পাশাপাশি ডলারের বিনিময় হারেও বড় ধরনের সমন্বয় হয়েছিল। তখন ডলারের দাম ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকায় পৌঁছায়। ফলে রফতানি আয়ের বিপরীতে বাড়তি টাকা পাওয়ায় উদ্যোক্তারা মজুরি বৃদ্ধির চাপের একটি অংশ সামাল দিতে পেরেছিলেন। কিন্তু গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান সমন্বয় হয়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। এতে রফতানি আয় থেকে পাওয়া অর্থের পরিমাণ তেমন বাড়েনি, অথচ শ্রমিকের মজুরি, জ্বালানি, ঋণের সুদ ও অন্যান্য উৎপাদন ব্যয় বেড়েছে।
সংলাপে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণের বর্তমান প্রক্রিয়াটি যথাযথ নয়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রকৃত প্রয়োজন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত না থাকায় মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তিন বা পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণের পরিবর্তে প্রতি বছর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় পর্যালোচনা করে মজুরি সমন্বয়ের স্থায়ী ব্যবস্থা চালু করা প্রয়োজন। তিনি বলেন, ব্যবসা পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, চাঁদাবাজি ও অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে উদ্যোক্তাদের যে বাড়তি খরচ হয়, তার দায় শ্রমিকদের ওপর চাপানো উচিত নয়। এসব ব্যয় কমানোর দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, পোশাকশিল্প বর্তমানে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। বর্তমান ব্যয় কাঠামোতে অনেক কারখানার ব্যবসা আর লাভজনক থাকছে না। আগামী দিনে অনেক ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে শিল্পে নতুন করে বেকারত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজিএমইএর সহ-সভাপতি মো: শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা অনেক কারখানার জন্য কঠিন হয়ে পড়বে। জ্বালানি ও মূলধনের ব্যয় বেড়ে যাওয়ায় উদ্যোক্তাদের মুনাফা কমেছে। বাংলাদেশ ব্যাংক পোশাকশিল্পের জন্য বিভিন্ন সহায়তামূলক নির্দেশনা দিলেও ব্যাংকগুলো সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেন তিনি।
শিল্পের বর্তমান পরিস্থিতিকে সঙ্কটজনক উল্লেখ করে শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, লোকসানি কারখানাগুলো একবার ব্যবসায় প্রবেশ করলে সহজে বেরিয়ে আসতে পারে না। ঋণ, ব্যাংকিং জটিলতা ও অন্যান্য দায়ের কারণে ব্যবসা গুটিয়ে নেয়াও কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় যেসব কারখানা আর টিকে থাকতে পারছে না, তাদের জন্য আইনসম্মতভাবে ব্যবসা বন্ধ, বিক্রি বা একীভূত হওয়ার সুযোগ সৃষ্টি করতে সরকারের নীতিমালা পরিবর্তন জরুরি।
লেখক ও শ্রম অধিকারকর্মী ফিরোজ আহমেদ বলেন, পোশাকশ্রমিকদের মজুরির প্রশ্ন শুধু অর্থনৈতিক বিষয় নয়; এর সাথে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাও জড়িত। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মালিক ও সরকার উভয়ের দায়িত্ব রয়েছে। বর্তমান মজুরিতে একজন শ্রমিক বাবা বা মায়ের পক্ষে সন্তানকে সাথে রেখে শহরে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। অনেককে সন্তান গ্রামে রেখে আসতে হয়। চার দশকের বেশি সময় ধরে দেশের পোশাকশিল্প বিকশিত হলেও শ্রমিকদের আবাসনসহ মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি বলে তিনি মন্তব্য করেন।
র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশের অর্থনীতি পোশাকশিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দীর্ঘদিন ধরে এ খাতকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও চামড়া ও চামড়াজাত পণ্যসহ অন্যান্য রফতানি খাতের বিকাশে যথেষ্ট মনোযোগ দেয়া হয়নি। অর্থনীতির বহুমুখীকরণ জরুরি। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হবে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি হওয়ায় উৎপাদন ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
ইনোভিশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি মো: রুবাইয়াত সারওয়ার বলেন, নতুন ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি বাংলাদেশের শ্রমিকদের মজুরিকে ভিয়েতনাম ও ভারতের মতো কয়েকটি প্রতিযোগী দেশের কাছাকাছি নিয়ে এসেছে। এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করা উচিত। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের এ মজুরি মেনে নেয়া উচিত বলে তিনি মত দেন।
সংলাপে শিল্পের উৎপাদন ব্যয় কমানো ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির সক্ষমতা সৃষ্টিতে সরকারের জন্য কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ডলারের বিপরীতে টাকার মান ধাপে ধাপে সমন্বয় করা, যাতে রফতানি আয়ের বিপরীতে উদ্যোক্তারা বাড়তি অর্থ পান এবং মজুরি বৃদ্ধির ব্যয় সামাল দিতে পারেন। স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ সহজ করা, ব্যাংক গ্যারান্টি ও দেশী সুতার বাধ্যবাধকতার মতো প্রতিবন্ধকতা কমিয়ে কাঁচামালের খরচ হ্রাস করার প্রস্তাবও দেয়া হয়।
শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ব্যাংকঋণ পুনর্গঠন সহজ করা এবং কারখানা বিক্রি বা একীভূত করার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেয়ার ওপরও গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক চাঁদাবাজি এবং ঝুট ব্যবসার অনিয়ম বন্ধ করে এসব খরচ কমানোর আহ্বান জানান বক্তারা। ঝুট ব্যবসা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে পারলে বাড়তি আয় সৃষ্টি এবং ঝুট থেকে তাপ উৎপাদনের মাধ্যমে জ্বালানি ব্যয় কমানোর সম্ভাবনা রয়েছে বলেও আলোচনায় উল্লেখ করা হয়।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান রক্ষা ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা- দু’টিই জাতীয় স্বার্থ। তাই মজুরি নির্ধারণ নিয়ে মালিক-শ্রমিক বিরোধ বাড়ানোর পরিবর্তে সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যয় হ্রাস, ব্যাংকিং সংস্কার, রফতানি বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং লোকসানি কারখানার জন্য প্রস্থান নীতিমালা প্রণয়নে উদ্যোগী হতে হবে। একই সাথে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রতি বছর মজুরি পর্যালোচনার ব্যবস্থা চালু করা গেলে শিল্পের স্থিতিশীলতা ও শ্রমিকের অধিকার- দুই দিকেই ভারসাম্য আনা সম্ভব হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









