
ফ্রান্স প্রতিনিধি
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কেবল রাজপথ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা রাজনৈতিক সঙ্ঘাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এই আন্দোলনের বিস্তৃতি ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ডিজিটাল যোগাযোগমাধ্যমও। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের তথ্য প্রচার, রাষ্ট্রীয় দমন-পীড়নের চিত্র তুলে ধরা এবং দেশের বাইরের বাংলাদেশীদের সংহতি সংগঠিত করার ক্ষেত্রে প্যারিস প্রবাসী লেখক ও রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্যের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত এমডি সাইদুল ইসলামের ‘দ্য অ্যানাটমি অব রিভোল্ট : দ্য জুলাই রেভল্যুশন অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ গ্রন্থে এই ভূমিকার বিশ্লেষণ করা হয়েছে ‘দ্য পিনাকী ফ্যাক্টর : অনলাইন ডিসেন্ট, ডায়াসপোরা মোবিলাইজেশন, অ্যান্ড ন্যারেটিভ পাওয়ার’ শিরোনামের একটি বিশেষ অংশে। বইটির ১৪৩ থেকে ১৪৫ পৃষ্ঠায় লেখক দেখিয়েছেন, জুলাই আন্দোলনের সময় পিনাকী ভট্টাচার্যের অনলাইন উপস্থিতি কিভাবে বিচ্ছিন্ন প্রতিবাদ ও তথ্যকে বৃহত্তর রাজনৈতিক বয়ানে রূপ দিতে সহায়তা করেছিল।
বিকল্প তথ্যপ্রবাহ সৃষ্টিতে পিনাকীর ভূমিকা প্রসঙ্গে গ্রন্থটিতে বলা হয়েছে, পিনাকী ভট্টাচার্য তার ইউটিউবভিত্তিক বক্তব্য, ভিডিও বিশ্লেষণ, সমসাময়িক ঘটনাবলির প্রতিক্রিয়া এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিকল্প তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন। জটিল রাজনৈতিক ও আইনি বিষয়গুলো সহজবোধ্য ভাষায় ব্যাখ্যা করার ফলে দেশের অভ্যন্তরে এবং প্রবাসে অবস্থানরত বিপুলসংখ্যক দর্শকের কাছে তার বক্তব্য পৌঁছে যায়।
বিশেষ করে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পর দ্রুত ভিডিও প্রকাশ, স্থানীয় ভাষা ও উপভাষার ব্যবহার এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ তার ডিজিটাল কার্যক্রমকে ব্যাপক দর্শকগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য করে তোলে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।
আন্দোলনসংশ্লিষ্ট ভিডিও, ছবি ও সংবাদ সংগ্রহের পাশাপাশি সেগুলো বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। লেখকের বিশ্লেষণ অনুযায়ী, বিভিন্ন প্রতিবাদী ঘটনার ভিডিও, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে পিনাকী আন্দোলনের ঘটনাপ্রবাহকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সহায়তা করেন।
পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে দুর্নীতিবিরোধিতা, দায়মুক্তির সংস্কৃতির বিরোধিতা এবং নাগরিক অধিকারের প্রশ্ন বিশেষ গুরুত্ব পেয়েছিল বলে গ্রন্থটিতে উল্লেখ করা হয়েছে। লেখকের মতে, তার এই বক্তব্যের কাঠামো আন্দোলনের শিক্ষার্থী ও নাগরিক অংশগ্রহণকারীদের মধ্যে প্রচলিত ন্যায়বিচার ও অধিকারভিত্তিক দাবির সাথে সংযোগ সৃষ্টি করেছিল।
প্রসঙ্গত পিনাকী ভট্টাচার্যকে ইউটিউবে বর্তমানে ৪৪ লাখেরও বেশি মানুষ অনুসরণ করেন। এ ছাড়া ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ৩২ লাখের বেশি। টিকটক, এক্স (সাবেক টুইটার) এবং ইনস্টাগ্রামেও তার সরব উপস্থিতি রয়েছে।
তার সর্বশেষ ইংরেজি বই ‘ফুলকুমারী’ অ্যামাজনে বিপুল সাড়া ফেলে। সম্প্রতি তিনি চীনের অর্থনীতি বিষয়ে পিএইচডি অর্জন করেছেন।
বর্তমানে পিনাকী ভট্টাচার্য ফ্রান্সভিত্তিক বহুজাতিক প্রসাধনসামগ্রী প্রতিষ্ঠান লরিয়ালের ডার্মাটোলজিক্যাল বিউটি ডিভিশনে মেডিক্যাল রিলেশনস স্পেশালিস্ট হিসেবে গ্লোবাল মেডিক্যাল রিলেশনস বিভাগে দায়িত্ব পালন করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









