মজুরিকাঠামো নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অসন্তোষ
ads


পোশাক শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত নতুন মজুরি কাঠামোর প্রতিবাদ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো: তসলিম।
গতকাল এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে নেতারা বলেন, ২৪ নভেম্বর দিনভর আলোচনা ও রাতভর দর-কষাকষি শেষে রাত প্রায় ২টার দিকে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করার ঘোষণা দেয়া হয়। শ্রমিকদের চলমান অসন্তোষ ও আন্দোলনের প্রেক্ষাপটে গভীর রাতে এ ঘোষণা দেয়ার সময় ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শ্রমিকদের সকাল থেকে আন্দোলনে নামার পরিস্থিতি এড়াতেই গভীর রাতে মজুরি ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
নেতারা বলেন, দ্রুততম সময়ে মজুরি ঘোষণা করাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। বিগত সময়ের মজুরি কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও লক্ষণীয়। তবে ঘোষিত মজুরি বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করে শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।
তারা বলেন, শ্রমিকপক্ষের দাবি হিসেবে ১৮ হাজার টাকা মজুরির প্রস্তাবের কথা উল্লেখ করা হলেও এটি শ্রমিকদের প্রকৃত দাবি ও প্রত্যাশার প্রতিফলন নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  তৈরি পোশাকশিল্পের প্রবেশপর্যায়ের শ্রমিকদের মাসিক মোট ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছিল। শ্রমিকের মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও খাদ্যভাতা সমন্বয়ে বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রণয়নের দাবিও জানানো হয়েছিল।
নেতারা আরো বলেন, শ্রমিকরাও এ দেশের নাগরিক। অন্য সব শ্রেণিপেশার মানুষের মতো একই বাজার থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হয়। তাদের জন্য বাজারে আলাদা কোনো কম দামের ব্যবস্থা নেই। চার-পাঁচ সদস্যের শ্রমিক পরিবারের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, পোশাকসহ প্রয়োজনীয় ব্যয় বিবেচনায় না নিয়ে মজুরি নির্ধারণ করা বাস্তবসম্মত নয়। বর্তমান বাজারে ১৭ হাজার টাকা মজুরিতে একজন শ্রমিকের নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন।
বিবৃতিতে নেতারা ঘোষিত মজুরি কাঠামো বাতিল করে শ্রমিকদের জীবনযাত্রার বাস্তব ব্যয় ও বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। তারা গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের প্রস্তাবিত ১০ দফা দাবির প্রতিও সমর্থন জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, তৈরি পোশাকশিল্পের প্রবেশপর্যায়ের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও খাদ্যভাতা সমন্বয়ে বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রণয়ন এবং চার-পাঁচ সদস্যের শ্রমিক পরিবারের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মজুরি নির্ধারণ।
পাশাপাশি প্রতিবছর অন্তত ১৫ শতাংশ ইনক্রিমেন্ট অথবা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ অধিকতর সুবিধাজনক হারে বেতন বৃদ্ধি, ওভারটাইমের পারিশ্রমিক, উৎসব ভাতা ও অন্যান্য আইনগত সুবিধা ন্যূনতম মজুরির বাইরে নিশ্চিত করার দাবি জানান তারা। বিজ্ঞপ্তি।