
নিজস্ব প্রতিবেদক
বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। যার ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি-তে কর্মসংস্থানের জন্য ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্যে ১০০ জনকে চূড়ান্ত করা হয়েছে।
গতকাল বুধবার সকালে আনসার-ভিডিপির সদরদফতরে নতুন এই পথচলার কার্যক্রম উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাকরিপ্রার্থী সদস্য ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রেরণ বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে বাহিনী সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশী নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের পাশাপাশি প্রান্তিক শক্তি লিমিটেড, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপমুক্ত নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হচ্ছে।
মহাপরিচালক আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কূটনৈতিক ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যা সমাধানে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের ঈজগ সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানো হবে। তিনি বলেন, জাপান ও ইউরোপের সম্ভাবনাময় শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের অংশগ্রহণ বাড়াতে বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে। অন্যদিকে ইউরোপের শ্রমবাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাইভিত্তিক ঞৎধহংমঁধৎফ এৎড়ঁঢ় খখঈ ও রিক্রুটিং এজেন্সি গধহ ঋড়ৎপব ইধহমষধফবংয-এর সমন্বয়ে আয়োজিত এ কার্যক্রমে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন হবে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার- এই তিনটি ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









