
বিশেষ সংবাদদাতা
ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হয়েছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য গতকাল বুধবার মধ্যরাত থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে। তবে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ চলাকালে ইউনিটটিতে প্রয়োজনীয় কারিগরি পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেয়া হয়েছে।
দু’টি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। এর মধ্যে একটি ইউনিট বন্ধ থাকায় ২৫ দিন কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা কার্যত বন্ধ থাকবে। ফলে এ সময়ে আদানি পাওয়ারের কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অবশিষ্ট থাকবে।
পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ বুধবার বেলা ১টায় কেন্দ্রটি থেকে সরবরাহের পরিমাণ ছিল ৯২৭ মেগাওয়াট। ওই সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট সূত্র বলছে, শীত মৌসুম শুরু হওয়ায় দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম রয়েছে। এ কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ থাকলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সঙ্কট তৈরির আশঙ্কা নেই বলে মনে করছে পিডিবি। তবে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বিশেষ করে শীত শেষে গরমের মৌসুমে চাহিদা বাড়লে উৎপাদন সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে অন্য বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ এবং জাতীয় গ্রিডের সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা। আপাতত রক্ষণাবেক্ষণের সময়সূচি অনুযায়ী একটি ইউনিট বন্ধ রেখে অপর ইউনিট সচল রাখার পরিকল্পনা করেছে আদানি পাওয়ার। নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ শেষ হলে ১৮ ডিসেম্বরের পর বন্ধ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









