
- ভোলায় জন্মহার বেশি, বাগেরহাটে অর্ধেকেরও কম
- বিদ্যুৎ ও মাতৃস্বাস্থ্যসেবায় পিছিয়ে পার্বত্য ৩ জেলা
দেশে জনসংখ্যা বৃদ্ধির হার, বিদ্যুৎ ব্যবহার ও মাতৃস্বাস্থ্যসেবায় জেলার মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। ভোলায় নারীপ্রতি গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ৫, অথচ বাগেরহাটে তা ১ দশমিক ৫। নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবহারে নারায়ণগঞ্জে শতভাগ মানুষ সুবিধা পেলেও খাগড়াছড়িতে এ হার মাত্র ৫২ দশমিক ৭৫ শতাংশ। মাতৃস্বাস্থ্যসেবায়ও পার্বত্য জেলাগুলো পিছিয়ে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫’-এর জেলা অ্যাটলাসে উঠে এসেছে ৬৪ জেলার এমন অসম উন্নয়নের চিত্র।
বিবিএসের প্রকাশিত এ পরিসংখ্যান বলছে, জাতীয় পর্যায়ে সামাজিক সূচকে অগ্রগতি হলেও সব জেলার মানুষ সমানভাবে তার সুফল পাচ্ছে না। কোথাও জন্মহার প্রতিস্থাপন স্তরের নিচে নেমেছে, কোথাও জনসংখ্যা বৃদ্ধির চাপ বেশি। বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা পাওয়ার ক্ষেত্রেও ভৌগোলিক ব্যবধান স্পষ্ট।
জন্মহারে বড় ব্যবধান
জেলা পর্যায়ে সন্তান জন্মদানের হারে সবচেয়ে এগিয়ে ভোলা। সেখানে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের সন্তান জন্মদানের হার ৩ দশমিক ৫০। এরপর মাদারীপুরে ৩ দশমিক ৩০ এবং নোয়াখালীতে ৩। বরিশাল, লক্ষ্মীপুর ও সুনামগঞ্জে এ হার ২ দশমিক ৯০।
অন্যদিকে সবচেয়ে কম জন্মহার বাগেরহাটে, ১ দশমিক ৫০। রাজবাড়ী, নওগাঁ ও যশোরে এ হার ১ দশমিক ৭০। কুষ্টিয়া ও মানিকগঞ্জে ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০। ঢাকা জেলায় এ হার ২ এবং চট্টগ্রামে ২ দশমিক ৪০। দেশের ১৫টি জেলায় জন্মহার ২ বা তার নিচে।
বিভাগীয় হিসাবে সর্বোচ্চ জন্মহার বরিশালে ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০। সবচেয়ে কম খুলনা বিভাগে ২। জনসংখ্যাবিদদের প্রচলিত হিসাবে জনসংখ্যার স্বাভাবিক প্রতিস্থাপন স্তর ২ দশমিক ১ সন্তান। ফলে বেশ কিছু জেলার জন্মহার এ স্তরের নিচে নেমে যাওয়ার বিষয়টি ভবিষ্যৎ জনসংখ্যার কাঠামো ও কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর দীর্ঘমেয়াদি প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।
বিদ্যুতে পিছিয়ে পাহাড়
নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎস ব্যবহারে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় শতভাগ মানুষ এ সুবিধার আওতায়। চুয়াডাঙ্গায় এ হার ৯৯ দশমিক ৮৮ এবং ফেনীতে ৯৯ দশমিক ৮৪ শতাংশ।
তবে পার্বত্য তিন জেলার চিত্র ভিন্ন। খাগড়াছড়িতে নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবহারকারীর হার মাত্র ৫২ দশমিক ৭৫ শতাংশ। রাঙ্গামাটিতে ৫৩ দশমিক ২৭ এবং বান্দরবানে ৭২ দশমিক ৮১ শতাংশ। পার্বত্য তিন জেলার পর এ সূচকে পিছিয়ে রয়েছে লালমনিরহাট, যেখানে হার ৯২ দশমিক ০৮ শতাংশ। নীলফামারীতে ৯৩ দশমিক ৯০ শতাংশ। এ পাঁচ জেলা ছাড়া অন্য সব জেলায় নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবহারের হার ৯৫ শতাংশের বেশি।
বিভাগীয় হিসাবে ঢাকা ৯৯ দশমিক ২১ শতাংশ নিয়ে শীর্ষে। সিলেটে ৯৮ দশমিক ৮৭ এবং খুলনায় ৯৮ দশমিক ৭৭ শতাংশ। সবচেয়ে কম চট্টগ্রামে ৯৬ দশমিক ৮২ শতাংশ। এ বিভাগের সামগ্রিক অবস্থান নিচে থাকার অন্যতম কারণ পার্বত্য তিন জেলার পিছিয়ে থাকা।
মাতৃস্বাস্থ্যসেবায় অগ্রগতি
গর্ভাবস্থায় দক্ষ স্বাস্থ্যকর্মীর সেবা পাওয়ার হার ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে দেশের সব বিভাগেই বেড়েছে। সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ময়মনসিংহে। সেখানে এ হার ৬৩ দশমিক ৯০ থেকে বেড়ে ৮৮ দশমিক ০৮ শতাংশ হয়েছে। সিলেটে ৬৩ দশমিক ১০ থেকে বেড়ে ৮৭ শতাংশ, বরিশালে ৭১ দশমিক ৩০ থেকে ৮৮ দশমিক ৬৬ এবং চট্টগ্রামে ৭৬ দশমিক ৩০ থেকে ৯২ দশমিক ১২ শতাংশ হয়েছে।
ঢাকায় এ হার ৮৩ দশমিক ২০ থেকে বেড়ে ৯২ দশমিক ১৯ এবং খুলনায় ৮৫ দশমিক ৪০ থেকে ৯০ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। রংপুরে ৬৭ দশমিক ৩০ থেকে বেড়ে ৮২ দশমিক ৭২ শতাংশ হলেও ২০২৫ সালে বিভাগগুলোর মধ্যে এ হার সবচেয়ে কম ছিল সেখানে।
জেলা পর্যায়েও কয়েকটি এলাকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বান্দরবানে দক্ষ স্বাস্থ্যকর্মীর সেবা পাওয়ার হার ২০১৯ সালের ৩৪ দশমিক ৯০ থেকে বেড়ে ২০২৫ সালে ৭৮ দশমিক ৪০ শতাংশ হয়েছে। সিরাজগঞ্জে ৪৯ দশমিক ৩০ থেকে ৯১ দশমিক ৩২ এবং মাদারীপুরে ৫৯ দশমিক ৩০ থেকে ৯৬ দশমিক ১৮ শতাংশে উন্নীত হয়েছে।
২০২৫ সালে এ সূচকে শীর্ষে কুষ্টিয়া, ৯৭ দশমিক ২৪ শতাংশ। ফেনীতে ৯৭ দশমিক ০২ এবং পটুয়াখালীতে ৯৬ দশমিক ৯২ শতাংশ। বিপরীতে রাঙ্গামাটিতে এ হার ৬৫ দশমিক ৯২, খাগড়াছড়িতে ৬৬ দশমিক ৯০ এবং কুড়িগ্রামে ৭১ দশমিক ৮৭ শতাংশ। তবে নওগাঁয় ২০১৯ সালের ৯১ দশমিক ১০ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৭৬ দশমিক ৬৮ শতাংশ হয়েছে। ঢাকা জেলায়ও ৯৫ দশমিক ৮০ থেকে কমে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৬০ শতাংশে।
জেলা পরিকল্পনায় নতুন তথ্য
বিবিএস জানিয়েছে, এমআইসিএস ২০২৫-এর জেলা অ্যাটলাসে জাতীয়, শহর ও গ্রাম, আট বিভাগ, ৬৪ জেলা এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন পর্যায়ের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ২০২২ সালের জনশুমারির কাঠামো অনুসরণ করে বহুস্তরীয় ক্লাস্টার পদ্ধতিতে নমুনা খানার তথ্য সংগ্রহ করা হয়। অ্যাটলাসে ১৭৩টি সূচকের মধ্যে ৫২টি গুরুত্বপূর্ণ সূচক নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৩৯টি সূচক সারণি ও মানচিত্র- দুইভাবেই উপস্থাপন করা হয়েছে।
তবে জেলা পর্যায়ের তথ্য ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিবিএস। নমুনা ত্রুটির কারণে কাছাকাছি অবস্থানে থাকা জেলার ব্যবধান কিংবা নওগাঁ ও ঢাকার মতো জেলায় স্বাস্থ্যসেবার হার কমে যাওয়ার বিষয়টি চূড়ান্ত অবস্থান হিসেবে বিবেচনা না করে নির্দেশক হিসেবে দেখতে হবে।
বিবিএসের লক্ষ্য, এ তথ্যভাণ্ডার স্থানীয় পর্যায়ে প্রমাণভিত্তিক পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ এবং সম্পদের অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









